ছবি-খবর প্রকাশের পর রাস্তাগুলোর সংস্কার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সড়ক-মহাসড়কের করুণ দশা, দুর্ভোগ’ শিরোনামে গতকাল সোমবার প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু হয়েছে। বিধ্বস্ত অন্য সড়ক-মহাসড়ক সরেজমিনে দেখা গেছে, গতকাল বৃষ্টির কারণে কয়েকটি সড়কের অবস্থা আগের চেয়ে আরও নাজুক হয়েছে।আমাদের মিরসরাই প্রতিনিধি জানান, গতকাল বেলা ১১টার দিকে ১৫-২০ জন শ্রমিক রোলার, বুলডোজার, ট্রাক ও ট্রাক্টর নিয়ে মিরসরাইয়ের বারইয়ারহাট অংশে সংস্কারকাজ শুরু করেন।বেলা ১১টার দিকে চার লেন প্রকল্পের কর্মকর্তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট অংশের প্রায় আধা কিলোমিটার মূল সড়ক বন্ধ করে দিয়ে সংস্কারকাজ শুরু করেন। এ সময় মহাসড়কের যানজট এড়াতে হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ ও বারইয়ারহাট পৌরসভা কর্তৃপক্ষের নিয়োগ করা ১৫ জন কমিউনিটি পুলিশ দায়িত্ব পালন করেন।সরেজমিনে দেখা যায়, মহাসড়কের ওই অংশের রাস্তা থেকে বড় বড় পাথর বুলডোজার দিয়ে তোলা হচ্ছে। পাথর সরানোর পর সেখানে মাটি, ছোট পাথর ও ইট ফেলা হয়। এরপর রোলার দিয়ে এবড়োখেবড়ো অংশ সমান করে দেওয়া হয়। সংস্কারকাজের তদারকির দায়িত্ব পাওয়া চার লেন প্রকল্পের উপসহকারী প্রকৌশলী (কনসালট্যান্ট ফার্ম বিভাগ) আবদুল মোতালেব বলেন, গতকাল সকাল থেকেই কাজ করার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে বেলা ১১টার দিকে সংস্কারকাজ শুরু হয়। মহাসড়কের সেসব স্থান অসমান রয়ে গেছে, এখন তা সমান করা হবে। তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে রাস্তা সমান করে দাও, তা-ই করা হচ্ছে।’ আবদুল মোতালেব বলেন, বারইয়ারহাট পৌর এলাকার ড্রেনেজব্যবস্থা খারাপ। এ কারণে বারইয়ারহাটের সড়কের এই অবস্থা। সংস্কারকাজ তদারকি করতে গতকাল বারইয়ারহাট যান চার লেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার (পিএম) অরুণ আলো চাকমা। তিনি বলেন, ঈদের সময় যাতে নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারে, সে জন্য এই ব্যবস্থা। ঈদের পরে ঢালাই করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। আমাদের ময়মনসিংহ সংবাদদাতা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার বড়টিলা থেকে থানা মোড় পর্যন্ত এক কিলোমিটার সড়কটির খানখন্দ ভরাটের কাজ গতকাল শুরু হয়েছে। সরেজমিনে দেখা যায়, ভালুকার ডিগ্রি কলেজের সামনের গর্তগুলোতে ইট ও বালু ফেলা হচ্ছে। গর্ত ভরাটকাজের তদারকি করা উপবিভাগীয় প্রকৌশলী মোকাদ্দিসুল হক বলেন, ইট-বালু ফেলে সংস্কারকাজ আরও ১৫ দিন আগেই করার কথা ছিল। কিন্তু বৃষ্টির জন্য করা যাচ্ছিল না। ঈদ ঘনিয়ে আসায় ঘরমুখী মানুষের দুর্ভোগের কথা চিন্তা করেই সড়কটির এ অংশের সংস্কারকাজ শুরু হয়েছে।