ছবি বানানোর সময় নারীর চোখ দিয়েই বিষয় দেখি
দম ফেলার ফুরসত নেই। আর মাত্র দুই দিন বাকি। এডিটিং প্যানেলে বসে শেষ মুহূর্তের কাজগুলো গুছিয়ে আনছিলেন তিনি। এর মধ্য থেকেই বের করে আনলাম তাঁকে। মুখোমুখি বসতেই কথা বলা শুরু হয়ে গেল তুরস্কের চলচ্চিত্র পরিচালক সায়েদা আসলি ক্লিককিনারের সঙ্গে।উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম—পৃথিবীর যে প্রান্তেই যাবেন, দেখবেন নারীরা নির্যাতিত। ভাষা, সংস্কৃতি ও জীবনযাপন যতই উন্নত হোক, মানুষের চরিত্র ঘুরেফিরে একই রকম। নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠা করার বিষয়টি চোখে পড়বেই। ছবির মাধ্যমে নারীদের পরিচয়, সমান অধিকার ও স্বাধীনতার বিষয়টি ফুটিয়ে তোলা যায় বেশ ভালোভাবেই। সায়েদা আসলি ২০০৫ সাল থেকে সেই চেষ্টাই করে যাচ্ছেন। বাংলাদেশে এসেছেন পরিচালকদের তালিকায় নারীদের অংশগ্রহণকে আরও বাড়ানোর জন্য। পরিচালক হিসেবে নারীদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে। মিডিয়াশিল্পে মেয়েদের ক্যামেরার পেছনে দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া যৌথভাবে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের সঙ্গে ৮ থেকে ১৪ জানুয়ারি সাত দিনব্যাপী ওমেন বিহাইন্ড দ্য ক্যামেরা: এমপাওয়ারমেন্ট বাই ওমেন একটি চলচ্চিত্র নির্মাণ কর্মশালার আয়োজন করেছে। এ কর্মশালায় অংশ নিতেই তাঁর এ দেশে আসা। ২৭ জন নারী এ কর্মশালায় অংশ নিয়েছিলেন। কথা হলো এই বিশ্ববিদ্যালয় চত্বরে বসেই। নারীভিত্তিক ছবি বানিয়েছেন দেখেই জিজ্ঞেস করলাম, আপনি কি নারীবাদী? হেসে বললেন, ‘একদমই না। আমার বিষয়গুলো মানবিক। আমি একজন নারী হওয়ার আগে একজন মানুষ। মানুষ হিসেবেই নিজের কাজ করে যাচ্ছি এবং সেভাবেই নিজেকে তুলে ধরতে চাই। চলচ্চিত্র একটি বিশাল মাধ্যম হতে পারে নারীদের সমস্যা তুলে ধরা ও সমাধানের জন্য। আমি যখনই ছবি বানাই, তখন সচেতন ও অসচেতনভাবে একজন নারীর দৃষ্টিকোণ থেকেই বিষয়গুলোকে দেখি।’ ওয়াইলস্টোন অন মাই ওয়ে, দ্য লক, দ্য ট্রান্সজেশন, ওয়াটারমার্ক, আ প্যাচ অব ফ্রিডম ও আই লাভ মাই ইনডিপেনডেন্টস হলো তাঁর বানানো আলোচিত ফিচারল্যান্ড ও শর্ট ফিল্ম। বাংলাদেশের ওপর ডকুমেন্টারি বানাতে বেশ আগ্রহী তিনি। ইতিমধ্যেই কর্মশালায় অংশ নেওয়া ব্যক্তিদের নিয়ে আন্ডারওয়াটার নামের একটি শর্টফিল্ম বানিয়ে ফেলেছেন। তিনি নিজেকে পরিচালক হিসেবে ভাবতে পছন্দ করেন। কিন্তু সমস্যাটা হয়, যখন আশপাশের মানুষ তাঁকে নারী পরিচালক হিসেবে দেখেন। বিভিন্ন দেশে কাজ করতে গিয়ে প্রায়ই সমস্যার মুখোমুখি হয়েছেন। সায়েদা আসলি বলেন, ‘প্রথম দর্শনেই সবাই আপনাকে নারী হিসেবেই দেখবে। সব দেশেই আমাকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। অনেক সময় বাজে কথাও শুনতে হয়েছে। তার পরও আমি আমার লক্ষ্য ঠিক রেখে কাজ করে গেছি।’ গত কয়েক বছরে বেশ কিছু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। ২০০৮ সালে তার্কিশ ওমেন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টার ফাউন্ডেশন সায়েদার দ্য লক ছবিটিকে শ্রেষ্ঠ হিসেবে সম্মান জানায়। ২০০৯ সালে তুরস্কের পাঁচজন সফল নারী উদ্যোক্তার মধ্যে একজন হিসেবে পুরস্কৃত হন। তিনি কখনো ছবি বানানোর জন্য কাহিনি খুঁজে বেড়ান না। যে কাহিনি সায়েদাকে স্পর্শ করে যায়, সেটি নিয়েই কাজ করেছেন। এখন সেই অপেক্ষার পালাই চলছে। নতুন কোনো কাহিনি তাঁর মন ছুঁয়ে গেলেই তিনি ক্যামেরা নিয়ে আবার নেমে পড়বেন।