ছবি বিক্রি করে দিলেন ফেরদৌস
বাসু চ্যাটার্জির হঠাৎ বৃষ্টি ছবি দিয়েই ফেরদৌসের উত্থান হয়েছিল। সেই বাসু চ্যাটার্জিকে দিয়ে ফেরদৌস তাঁর প্রযোজনায় দ্বিতীয় ছবি হঠাৎ সেদিন নির্মাণ করেছিলেন। ছবিটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত। ছবির কাজও শেষ। কথা ছিল ফেরদৌস তাঁর প্রযোজনায় নির্মিত প্রথম সিনেমা এক কাপ চা ও দ্বিতীয় প্রযোজনা হঠাৎ সেদিন ছবি দুটি পরপর মুক্তি দেবেন। কিন্তু পরে তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। হঠাৎ সেদিন ছবি তিনি চ্যানেল আইয়ের কাছে বিক্রি করে দিয়েছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার প্রথম ছবির ডাবিং বাকি আছে। প্রথম চলচ্চিত্রটির সেন্সর প্রিন্ট করতে আরও সময় লাগবে। আর হঠাৎ সেদিন-এর কাজ যেহেতু শেষ, তাই কলকাতার প্রযোজক ছবিটি মুক্তি দেবেন। যেহেতু দুই দেশে একই সঙ্গে মুক্তি দেওয়া হবে, তাই আমি চ্যানেল আইয়ের কাছে ছবিটি বিক্রি তরে দিয়েছি। এখন আমি আমার তৃতীয় চলচ্চিত্র নিয়ে বাসু চ্যাটার্জির সঙ্গে কথা শুরু করেছি।’চ্যানেল আইয়ের বিপণন কর্মকর্তা ইবনে হাসান খান বলেন, ‘বাসু চ্যাটার্জির মতো বড় পরিচালকের ছবি কিনেছি আগ্রহ নিয়েই। ছবিটি একটি উৎসবমুখর দিনেই আমরা প্রদর্শন করব।’