ছবি হচ্ছে সুনীলের ‘রানু ও ভানু’
রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী অবলম্বনে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিতর্কিত উপন্যাস ‘রানু ও ভানু’ নিয়ে এবার চলচ্চিত্র তৈরি হচ্ছে। ইতিমধ্যেই উপন্যাসটির স্বত্ব কিনে নিয়েছেন ভারতের অন্যতম বৃহত্ চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান সিদ্ধান্ত সিনেভিশনের ব্যবস্থাপনা পরিচালক মনীশ গোস্বামী। ছবির জন্য রবীন্দ্রনাথের চরিত্রে মনীশ চাইছেন বলিউডের অভিনেতা অমিতাভ বচ্চনকে। আর ছবিটির পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সম্ভাবনা রয়েছে ‘পিঞ্জর’খ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ড. চন্দ্র প্রকাশ দ্বিবেদীর।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে মুম্বাই মিরর জানিয়েছে, ‘বর্তমান সময়ে লেখা অন্যতম বিতর্কিত উপন্যাস “রানু ও ভানু”। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তাঁর শ্যালিকার প্রেমের সম্পর্কের বিষয়টি উঠে এসেছে এর কাহিনিতে। উপন্যাসটির গল্প অত্যন্ত আকর্ষণীয় মনে হওয়ায় এটা থেকে ছবি তৈরির উদ্যোগ নিয়েছেন মনীশ। এরই মধ্যে তিনি উপন্যাসটির লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে এর স্বত্ব কিনে নিয়েছেন। এই মুহূর্তে ছবিটির চিত্রনাট্য লেখার কাজ চলছে।’ সূত্রটি আরও জানিয়েছে, ‘এখনই ছবিটি সম্পর্কে মুখ খুলতে চাইছেন না মনীশ। এ মুহূর্তে ছবির অভিনয়শিল্পী নির্বাচনের প্রতিই পূর্ণ মনোযোগ দিতে চান। ছবির নাম ভূমিকার জন্য তাঁর পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন অমিতাভ বচ্চন। ছবির শিল্পী নির্বাচন প্রক্রিয়া শেষ হলে ঘটা করেই ছবি তৈরির ঘোষণা দেবেন তিনি।’