শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন ছবি আমার বন্ধু রাশেদ। মুহম্মদ জাফর ইকবাল-এর উপন্যাস অবলম্বনে এই ছবির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। গতকাল শনিবার দুপুরে ছবিটির প্রসঙ্গ ধরেই কথা হলো মুহম্মদ জাফর ইকবালের সঙ্গে। তিনি তখন সিলেট যাচ্ছেন।আপনার উপন্যাস নিয়ে আবারও চলচ্চিত্র তৈরি করলেন মোরশেদুল ইসলাম। হ্যাঁ, এর আগে তিনি আমার দীপু নাম্বার টু উপন্যাস অবলম্বনে শিশুতোষ চলচ্চিত্র তৈরি করেছিলেন। এবার আমার বন্ধু রাশেদ। ‘আমার বন্ধু রাশেদ’ ছবিটি দেখেছেন?আমার ভাইবোনের বাচ্চাদের সঙ্গে নিয়ে গত শুক্রবার স্টার সিনেপ্লেক্সে ছবিটি দেখেছি। আমরা ২৫ জন গিয়েছিলাম। আমার বন্ধু রাশেদ উপন্যাসে যে গল্পটি বলা হয়েছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এমনই অনেক ঘটনা ঘটেছিল। সেখান থেকে আমি ভাবনাটি নিয়েছি। রাশেদ আমার কল্পনার একটি চরিত্র। কিন্তু সেই উপন্যাস নিয়ে তৈরি ছবি দেখতে গিয়ে আমার চোখ ভিজে যায়। আমার পাশে থাকা বাচ্চাগুলোকে সেদিন কাঁদতে দেখেছি। এটা আসলে পরিচালকের একটা বড় সাফল্য। তিনি সবার হূদয়কে স্পর্শ করতে পেরেছেন।উপন্যাসের সঙ্গে ছবিটির কতটুকু মিল রয়েছে?উপন্যাস হয় এক রকম। আর আমি যখন উপন্যাসটি লিখেছিলাম, তখন একবারও মনে হয়নি এটা নিয়ে চলচ্চিত্র তৈরি হবে। আমি আমার মতো করে লিখে গেছি। মোরশেদুল ইসলাম যখন এটাকে চলচ্চিত্রে রূপ দিলেন, তখন তিনি উপন্যাসের খুব কাছাকাছি থেকেছেন। কারণ, উপন্যাসটি অনেকের পড়া। এমনকি সংলাপগুলোও অনেকের মুখস্থ। বাচ্চারা যদি ছবিটি দেখতে গিয়ে উপন্যাসের সঙ্গে মিল খুঁজে না পায়, তাহলে তারা হতাশ হবে। তাই পরিচালক খুব সচেতনভাবে কাজটি করেছেন। আরেকটা ব্যাপার, উপন্যাসে আমি মুক্তিযুদ্ধের ওই সময়ের শ্বাসরুদ্ধকর পরিস্থিতিটা তুলে ধরেছিলাম। ছবিতেও সেই অনুভূতিটা পেয়েছি। ‘আমার বন্ধু রাশেদ’ ছবিতে রাশেদকে কেমন লেগেছে?আমি যেভাবে ভেবেছিলাম, ছবিতে রাশেদকে তার খুব কাছাকাছি পেয়েছি। ছোট ছোট বাচ্চার কাছ থেকে অভিনয় বের করে আনা কোনো সহজ কাজ নয়। আর ওরা প্রত্যেকে এবারই প্রথম অভিনয় করেছে, তাও আবার চলচ্চিত্রে। ওদের প্রতিভা আমাকে মুগ্ধ করেছে। ছবিটির শুটিং দেখেছেন?এবার পারিনি। খুব ব্যস্ত ছিলাম। তবে দীপু নাম্বার টু ছবির কাজ দেখতে রাঙামাটি গিয়েছিলাম।এখন তো অনেকেই যেকোনো চলচ্চিত্র টিভিতে দেখার জন্য অপেক্ষা করেন।এই কাজটা কিন্তু মোটেই ঠিক না। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখুন। টিভির ছোট পর্দা আর প্রেক্ষাগৃহের বড় পর্দার মধ্যে অনেক পার্থক্য। আর চলচ্চিত্র তো তৈরিই হয় বড় পর্দার জন্য। আপনার আর কোনো উপন্যাস নিয়ে চলচ্চিত্র তৈরি হচ্ছে?তিনটি উপন্যাস নিয়ে চলচ্চিত্র তৈরি হচ্ছে। কাজলের দিনরাত্রী তৈরি করছেন সজল খালেদ আর আমি তপু করছে মৌসুমী নামের একটি মেয়ে। দুটিই কিশোর উপন্যাস। আর মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা ক্যাম্প উপন্যাস নিয়ে ছবি তৈরি করবেন আফসানা মিমি। মেহেদী মাসুদ