ছবিটি সত্য ও বাস্তব ঘটনানির্ভর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ঢাকা ও ঢাকার বাইরের ১৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র গেরিলা। সৈয়দ শামসুল হকের উপন্যাস নিষিদ্ধ লোবান ও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নাসির উদ্দীন ইউসুফ। কথা হলো তাঁর সঙ্গে।‘গেরিলা’ মুক্তি পাচ্ছে। ছবিটিকে যদি আপনার দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলি, তাহলে কীভাবে দেখবেন?ছবির কাজটি ছিল খুব কঠিন। মুক্তিযুদ্ধ হয়েছে ৪০ বছর আগে। যুদ্ধের স্মৃতি অন্য অনেকের মতোই আমার কাছে জীবন্ত। সেলুলয়েডে মুক্তিযুদ্ধ নতুন করে নির্মাণ করতে হয়েছে, যাকে বলা যায় পুনর্নির্মাণ। কাজটি জটিল। আমরা তো আমাদের অনেক ঐতিহ্য ধ্বংস করেছি, তাই ৪০ বছর আগের ঘটনাকে ফুটিয়ে তুলতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। সবাই সততার সঙ্গে কাজ করায় কিছু একটা অর্জন করা গেছে। মুক্তিযুদ্ধ নিয়ে অনেক ছবি হয়েছে। আপনার ছবিটিকে আলাদাভাবে চিনে নেওয়া যাবে?১৯৭১ সালের সত্য ঘটনাকে আশ্রয় করে সৈয়দ শামসুল হক লিখেছিলেন নিষিদ্ধ লোবান উপন্যাসটি। ১৯৭২ সালে সৈয়দ শামসুল হককে সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ এ কাহিনি শুনিয়েছিলেন। আমার ঢাকার অপারেশনের সঙ্গে রংপুরের এ ঘটনা একীভূত করে ছবিটির মহাকাব্যিক চিত্রায়ণ করার চেষ্টা করেছি। এটাই হয়তো অন্য ছবিগুলোর থেকে আমার এই ছবিটিকে আলাদা করবে। ছবিটি সত্য ও বাস্তব ঘটনানির্ভর। এটা ইতিহাস নয়, ইতিহাসের শিল্পরূপ।আপনার ছবির শক্তি কি এর গল্প, চিত্রনাট্য, অভিনয় এবং আপনার দক্ষ পরিচালনা?একেবারেই তাই। সবাই তার শতভাগ উজাড় করে দিয়েছে। যার যার জায়গা থেকে প্রযোজনা দল, অভিনয়শিল্পীরা, আলো, পোশাক, শব্দ, সংগীত, মেকআপ—সব মিলিয়ে এটি একটি সম্মিলিত প্রয়াস। দীর্ঘ ২০ মাসের পরিশ্রমের ফসল এই ছবি। বাংলাদেশ, বাংলা ভাষা, ধর্মনিরপেক্ষতার ওপর বিশ্বাস রেখেছে কর্মীরা। ভারতের চিত্রগ্রাহক সমীরণের মধ্যেও আমাদের আবেগ সঞ্চারিত হয়েছে। ১২ এপ্রিল সৌজন্য প্রদর্শনীতে তরুণদের মধ্যেও সেই আবেগের প্রতিফলন দেখেছি।আপনার প্রত্যাশা পূরণ হয়েছে?সবার আবেগ, উচ্ছ্বাস দেখে হয়তো আমি কিছুটা হলেও সন্তুষ্ট হয়েছি। কিন্তু এখন মনে হয়, হয়তো বা আরও ভালো ছবি উপহার দিতে পারতাম। জাতিকে ৪০ বছরের মাথায় এসে একটি মহাকাব্যিক ব্যঞ্জনা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু অতৃপ্তি আছে। মুক্তিযুদ্ধ নিয়ে আপনি আরও ছবি করবেন?আরও ছবি করার ভাবনা আছে। সময়মতো জানাব। দর্শক দেখুক একাত্তরে মুক্তিযোদ্ধা আর রাজাকার আলবদরদের ভূমিকা। জীবন বাজি রেখেই কাজ করি। আপস করিনি। করবও না। আমাদের তরুণসমাজ মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছে বলে এখন এমন অবস্থা তৈরি হয়েছে, যার কারণে আমি সাহস পেয়েছি। তরুণেরা অবশ্যই যুদ্ধাপরাধী এই ঘৃণ্য ব্যক্তিদের প্রতিরোধ করবে।