হঠাৎ করেই পূর্ণিমা হাতে ছবি নেওয়া বন্ধ করলেন। কিন্তু কেন? বাইরে কারও সঙ্গে দেখা করেন না। কেন? রুপালি পর্দাতেও তাঁর অনুপস্থিতি অনেক দিন। এ সপ্তাহে তাঁর অভিনীত চলচ্চিত্র আই লাভ ইউ মুক্তি পেয়েছে। কথা হলো পূর্ণিমার সঙ্গে।‘আই লাভ ইউ’ ছবিটি নিয়ে কিছু বলুন।ছবিটির কাজ করেছিলাম আট বছর আগে। মজার ব্যাপার হলো, এই আট বছরে আমার ও শাকিবের চেহারার অনেক পরিবর্তন হয়েছে। চুলের স্টাইল বদলে গেছে। এবার ডাবিং করতে গিয়ে ব্যাপারগুলো দেখে আমরা বেশ মজা পেয়েছি।ছবির কাজ শেষ করতে এতটা সময় কেন লেগেছে?শিডিউল নিয়ে সমস্যা হচ্ছিল। এ কারণে ছবিটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। যা হোক, অনেক দিন পরে হলেও ছবিটি মুক্তি পেয়েছে। ছবির গল্পটি কিন্তু খুবই মজার। গানগুলোও দারুণ।আচ্ছা, আপনি হঠাৎ নতুন ছবি নেওয়া বন্ধ করলেন কেন?সিদ্ধান্তটা নিয়েছি অনেক কারণে—যে ছবিগুলোতে কাজ করার প্রস্তাব পাচ্ছিলাম, নানা কারণে তার কোনোটিই পছন্দ হয়নি। আর আমার বিপরীতের যে শিল্পীদের কথা বলা হয়েছে, তাঁরা সবাই একেবারেই নতুন। এমনিতেই চলচ্চিত্রের বাজারে কী অবস্থা! তাই নতুন নায়কদের সঙ্গে কাজ করতে চাইনি।কারও সঙ্গে দেখা করেননি, কথা বলতেন না, মুঠোফোন বন্ধ করে রেখেছিলেন। কেন?দুই মাসেরও বেশি সময় ঘরের মধ্যেই নিজেকে ধরে রেখেছিলাম। এটা আমার কাছে ছিল একধরনের সাধনার মতো। নির্দিষ্ট সময় পর্যন্ত আমি সেটা করেছি। এখন তো কাজ করছি। তবে ঘরের ভেতরে থাকলে একদম খারাপ লাগে না। ঘরের কাজকর্ম শেষ করে, টিভি দেখে, সিনেমা দেখে অনায়াসে সময় পার করা যায়। ফেসবুকে থাকলে তো কথাই নেই।এখন কী নিয়ে ব্যস্ত?চ্যানেল আইয়ের একটি নাচের প্রতিযোগিতার বিচারক হয়েছি। আগামী দুই মাস এ কাজ করব। এ ছাড়া এস এ হক অলীকের একটি নাটকে কাজ করব।