শুক্রবার ঢাকা এবং বাইরে যশোর, রাজশাহী ও খুলনার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেহেরজান ছবিটি। পরিচালনা করেছেন রুবাইয়াত হোসেন। ছবিটি নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।‘মেহেরজান’ আপনার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে আর কিছু তৈরি করেছেন?তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেছি। প্রিয় আমি আর বালিকা গোল্লাছুট—দুটি ছবিই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও লাসভেগাস উৎসবে এবং ঢাকায় আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। এ ছাড়া ২১ আগস্টের বোমা হামলার ওপর একটি ছবি তৈরি করেছিলাম, নাম গণতন্ত্র। ওটার এখনো কোনো প্রদর্শনী হয়নি।‘মেহেরজান’ ছবিটিকে আপনারা বলছেন ‘যুদ্ধ ও ভালোবাসার গল্প’। প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবির জন্য এমন একটি ভাবনা কেন বেছে নিলেন?আমি পড়াশোনা করেছি যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ‘সাউথ এশিয়ান স্টাডিজ’ বিভাগে। স্নাতকোত্তর পর্যায়ে আমার থিসিসের বিষয় ছিল ‘একাত্তরের বীরাঙ্গনাদের ইতিহাসে কীভাবে তুলে ধরা হচ্ছে’। এই গবেষণার কাজটি করতে গিয়ে অনেক কিছু জানতে হয়েছে। একাত্তরের বীরাঙ্গনাদের কথা যত জেনেছি, ততই চোখ ভিজে গেছে। অনেক বই পড়েছি। যেমন, আইন ও সালিশ কেন্দ্র থেকে প্রকাশিত নারী ’৭১ বই (পৃষ্ঠানম্বর ১৪৫) থেকে জানতে পারি, মুক্তিযুদ্ধের সময় মেজর পদবির পাকিস্তানি সেনা কর্মকর্তার সঙ্গে এক বাঙালি মেয়ের পরিচয় হয়েছিল। ওই কর্মকর্তা মেয়েটিকে নানাভাবে রক্ষা করেছিলেন। সেখান থেকেই মেহেরজান ছবির গল্পের ভাবনাটা খুঁজে পাই। পরে রাজিয়া মজিদের যুদ্ধ ও ভালোবাসা বইটি পড়েছি। তবে মেহেরজান ছবির গল্পটি একেবারেই কাল্পনিক। মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী যে অত্যাচার করেছিল, সেখানে ছবির গল্পে পাকিস্তানি (বেলুচ) সেনার সঙ্গে একজন বাঙালি মেয়ের সম্পর্ক দেখানো হয়েছে। কখনো কি মনে হয়েছে, এ ব্যাপারটি নিয়ে কোনো বিতর্ক হতে পারে?মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। মেহেরজান ছবির মাধ্যমে আমি কারও মনে আঘাত দিতে চাইনি, কিংবা কাউকে অসম্মান করতে চাইনি। আমি এবং আমার পরিবার মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের পক্ষে। আমি মুক্তিযুদ্ধ-পরবর্তী প্রজন্মের একজন নাগরিক। আমার মধ্যে কোনো গোঁড়ামি নেই; সব ধরনের সহিংসতা আর নৃশসংতার বিরুদ্ধে আমরা। আমি শান্তিকামী মানুষদের একজন। সব মুক্তিযোদ্ধার প্রতি আমার রয়েছে পূর্ণ শ্রদ্ধা। তাঁরা একটা স্বাধীন দেশ দিয়েছেন। তাঁদের জন্যই আজ একটি চলচ্চিত্র তৈরি করতে পেরেছি। আমি বিশ্বাস করি, ছবিতে বিতর্কিত কোনো বিষয় নেই।ছবিতে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রের শিল্পীরা অভিনয় করেছেন, কাজ করেছেন।...আমরা আন্তর্জাতিক মানের একটা দক্ষিণ এশীয় ছবি বানাতে চেয়েছি। তাই কয়েকটি দেশের শিল্পী আর কলাকুশলীদের নিয়ে কাজ করেছি। বিনোদন প্রতিবেদক