ঈদ উপলক্ষে এসেছে আরফিন রুমীর নতুন গানের অ্যালবাম। তবে একক নয়, মিশ্র। অ্যালবামের সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন তিনি। গানও গেয়েছেন। অ্যালবামটির নাম নীলাঞ্জনা। বাজারে এনেছে সিডি চয়েস। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করা হয়। কথা হলো আরফিন রুমীর সঙ্গে। আপনি তো এর আগেও মিশ্র অ্যালবাম তৈরি করেছেন।হ্যাঁ, তবে নীলাঞ্জনা আমার সুর ও সংগীত পরিচালনায় প্রথম পূর্ণাঙ্গ মিশ্র অ্যালবাম। গত বছর রোজার ঈদের আগে বেরিয়েছিল না বলা ভালোবাসা। ওখানে আমি ছয়টি গানের সুর ও সংগীত পরিচালনা করেছিলাম। ওই ছয়টি গানের মধ্যে আমার গাওয়া ‘না বলা ভালোবাসা’, কাজী শুভর গাওয়া নতুন সংগীতায়োজনে রাধারমণের গান ‘আমারে আসিবার কথা কইয়া’ এবং আইয়ুব শাহরিয়ারের লোকগান ‘এত দুঃখ’ কিন্তু দারুণ জনপ্রিয় হয়েছিল। আমার আলাদা অবস্থান তৈরিতে ওই অ্যালবামটি বড় ভূমিকা রেখেছিল। ‘নীলাঞ্জনা’ অ্যালবামটি নিয়ে বলুন।এখানে গান করেছেন ন্যান্সি, মিলা, পড়শি, খেয়া, শহীদ, কাজী শুভ ও আইয়ুব শাহরিয়ার। আমি নিজেও তিনটি দ্বৈত ও একটি একক গান গেয়েছি। দ্বৈত কণ্ঠের গানগুলো গেয়েছি পড়শি, মিলা আর খেয়ার সঙ্গে। এবার অ্যালবামে আমি বিভিন্ন সময়ের চলচ্চিত্রের গানের একটু ছোঁয়া রাখার চেষ্টা করেছি। পাশাপাশি শ্রোতারা উৎসবের একটা আমেজও পাবেন। শুনেছিলাম, আপনারা একটি চলচ্চিত্র তৈরির পরিকল্পনা করছেন। ওটার কী খবর?ছবির নাম ধানমন্ডি ৮ নাম্বার। এই ছবির জন্যই ছয়টি গান তৈরি করেছিলাম। পরে নানা কারণে ছবিটি আর করা হয়নি। ওটা আর হবেও না। মজার ব্যাপার হলো, ওই ছবির গানগুলো নিয়ে এবার অ্যালবাম করেছি। ওই ছয়টির সঙ্গে আরও কয়েকটি গান করেছি।নিজের নতুন একক অ্যালবামের কথা কিছু ভেবেছেন?না, এখন তো চলচ্চিত্রের কাজই বেশি করছি। কয়েক দিন আগে করেছি রেদওয়ান রনির চোরাবালি ছবির একটি গান। আগামী বছর আইয়ুব শাহরিয়ার ও কাজী শুভর অ্যালবামের কাজ করব। এ ছাড়া অন্যান্য কাজও থাকবে।