ছবির গানে কনা-বেলাল খান
‘পাগল তোর জন্য রে পাগল এ মন’ খ্যাত নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী বেলাল খান ও জনপ্রিয় সংগীতশিল্পী কনা একসঙ্গে কণ্ঠ দিলেন ‘ফিরিয়ে দাও আমার প্রেম’ নামের একটি চলচ্চিত্রের গানে। সম্প্রতি মৌচাকের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। গানটির সুর করেছেন বেলাল খান। যৌথভাবে সংগীতায়োজন করেছেন বেলাল খান ও মুশফিক লিটু।‘মনটা উড়ু উড়ু স্বপ্ন দেখার শুরু/পেয়েছি নতুন ঠিকানা/উড়ব দুজন মিলে আকাশের ঐ নীলে/থাকবে না কোন সীমানা’—এমন কথায় গানটি লিখেছেন নীহার আহমেদ।গান প্রসঙ্গে কনা বলেন, ‘বেলাল খানের সুরে এর আগেও গেয়েছি। “কাগজের নাও” শিরোনামে ওই গানটি কিন্তু দারুণ জনপ্রিয়। বিভিন্ন এফএম রেডিও স্টেশনগুলো থেকে বেশ ভালোই সাড়া পেয়েছি। কিন্তু দ্বৈতভাবে এবারই প্রথম আমরা গান করেছি। আশা করি এ গানটিও জনপ্রিয় হবে।’গান সম্পর্কে বেলাল খান বলেন, ‘এটি সুরপ্রধান গান। গানটি চলচ্চিত্রের উপযোগী করে তৈরি করতে চেষ্টা করেছি। আমার অন্য গানগুলোর মতো এ গানটিও নতুন একটা মাত্রা যোগ করবে বলে মনে করছি।’ এদিকে ছবির প্রযোজক সূত্রে জানা গেছে, ‘ফিরিয়ে দাও আমার প্রেম’ চলচ্চিত্রের এ গানটিতে চিত্রনায়ক আরজু ও নবাগত নায়িকা মাহী ঠোঁট মেলাবেন।