ছবির জন্য রবীন্দ্রসংগীত গাইলেন অমিতাভ
নির্মিতব্য একটি ভারতীয় চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘একলা চল রে’ গানটিতে কণ্ঠ দিলেন বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। ৬৯ বছর বয়সী এ অভিনেতা সুজয় ঘোষ পরিচালিত ‘কাহানি’ নামের একটি চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের এ অসাধারণ গানটিতে কণ্ঠ দিয়েছেন বলেই এক খবরে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। কাহানি ছবিটিতে অভিনয় করেছেন হালের ডার্টি পিকচার খ্যাত বিদ্যা বালানও। অমিতাভ বচ্চন তাঁর রবীন্দ্রসংগীত গাওয়ার প্রসঙ্গে টুইটারে লিখেছেন, ‘জীবনে প্রথমবারের মতো রবীন্দ্রসংগীত গাওয়ার অনুভূতি অবিস্মরণীয়, এর ভাষার সৌন্দর্য, গীতির মাধুর্য, আর সুরের মূর্ছনা অসাধারণ...!’রবীন্দ্রসংগীতে বিমুগ্ধ অমিতাভ আরও লিখেছেন, বিশেষ করে রবীন্দ্রনাথের এই ‘একলা চল রে’ গানটি; যেখানে রবীন্দ্রনাথ বলেছেন—যদি কেউই তোমার ডাকে সাড়া না দেয়, একাই এগিয়ে যেতে হবে!কাহানি ছবির জন্য রবীন্দ্রনাথের এ গানটি যুক্ত করায় সংগীত পরিচালক বিশাল-শেখরকেও সাধুবাদ দিয়েছেন অমিতাভ। বিশাল-শেখরকে ধন্যবাদ জানিয়ে অমিতাভ বচ্চন বলেছেন, ছবিতে এ গানটির সংযোজন এক কথায় অনির্বচনীয়!