শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন ছবি অপেক্ষা। ছবির কাহিনি, চিত্রনাট্য, চিত্রগ্রহণ ও পরিচালনা করছেন আবু সাইয়ীদ। কথা হলো তাঁর সঙ্গে।‘অপেক্ষা’ ছবির ব্যাপারে দর্শকদের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন?বেশ ভালো। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্লগ-এ ছবিটি নিয়ে কয়েকটি লেখা হয়েছে। এ ছাড়া অন্যান্য মাধ্যমেও ছবিটি নিয়ে আলোচনা হচ্ছে। তবে আমার কাছে মনে হয়েছে প্রেক্ষাগৃহগুলোতে দর্শক উপস্থিত প্রত্যাশার চেয়ে একটু কম। আমার ধারণা, এর অন্যতম কারণ প্রচারণাটা তেমন হয়নি।ছবির গল্পটা একটু ভিন্ন ধরনের। এ ধরনের গল্প বেছে নিলেন কেন?ছবি করতে হলে তো আমাকে কোনো না কোনো গল্প বেছে নিতেই হবে। আমি এ পর্যন্ত যে চলচ্চিত্রগুলো নির্মাণ করেছি, তার কোনোটা হয়তো সামাজিক, নয়তো মনস্তাত্ত্বিক। অপেক্ষা ছবির মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক ব্যাপার রয়েছে। জঙ্গিবাদ আমাদের বর্তমান সময়ের একটা বড় সমস্যা। আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে তা তুলে ধরার আগ্রহ ছিল। এ ধরনের জঙ্গিবাদের পেছনে একটা আন্তর্জাতিক রাজনীতি বেশি মাত্রায় জড়িত থাকে। এই ছবির মধ্য দিয়ে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করেছি।ভাবনাটা যেভাবে করেছিলেন, সেভাবে বাস্তবায়ন করতে পেরেছেন?জঙ্গিবাদের বিষয়টা পুরোপুরি ফুটিয়ে তুলতে না পারলেও কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি। ছবির প্রযুক্তিগত বিষয় নিয়ে অমার একটা আশঙ্কা ছিল। ছবিটি যারা দেখেছেন তাঁরা সবাই প্রযুক্তির দিকটি নিয়ে বেশ প্রশংসা করেছেন।‘অপেক্ষা’ ছবি নিয়ে সামনে কী ধরনের পরিকল্পনা করছেন?ছবিটি নিয়ে আমার কিছু চিন্তাভাবনা রয়েছে। দর্শকদের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য ব্যাপক প্রদর্শনীর ব্যবস্থা করার পরিকল্পনা করছি। বিভিন্ন প্রেক্ষাগৃহে এ নিয়ে আলোচনা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন জেলা শহরের চলচ্চিত্র ক্লাবগুলোতে প্রদর্শনী করার কথা ভাবছি।আপনার নতুন ছবির খবর বলুন।আরও মাস দুয়েক অপেক্ষা ছবিটি নিয়ে ব্যস্ত থাকতে হবে। কিছুদিন আগেও ভেবেছিলাম রুপালী বৃত্ত ছবির কাজ শুরু করব। কিন্তু এখন সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে। কারণ এরই মধ্যে রবীন্দ্রনাথের ‘নিশীথে’ অবলম্বনে নতুন ছবি তৈরির কথা ভাবছি। বিনোদন প্রতিবেদক