ছবির লোকগুলো শনাক্ত হয়নি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুপ্তহত্যা ও নিখোঁজের মামলাগুলোর তদন্তে কোনো অগ্রগতি নেই। কোনোটিরই রহস্যভেদ হয়নি।একটি ঘটনায় অপহূত এক ব্যক্তির ক্রেডিট কার্ড দিয়ে টাকা তোলার সময় এটিএম বুথে থাকা গোপন ক্যামেরায় দুই ব্যক্তির ছবি উঠলেও তাঁদের শনাক্ত করতে পারেনি তদন্ত সংস্থাগুলো।এ ছাড়া বেশির ভাগ ঘটনায় প্রায় একই ধরনের মাইক্রোবাস ব্যবহারের কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এসব মাইক্রোবাসও পুলিশ শনাক্ত করতে পারেনি।চলতি বছর (২০১১) শুধু ঢাকা শহর থেকেই ৩০ ব্যক্তি অপহূত হন বলে অভিযোগ রয়েছে। এঁদের মধ্যে ১২ জনের লাশ পাওয়া যায় গাজীপুর, মুন্সিগঞ্জ, আশুলিয়া, দক্ষিণ কেরানীগঞ্জ ও সাভার এলাকায়। একসঙ্গে সাতজনকে অপহরণের পর দুজনকে ছেড়েও দেওয়া হয়। অপহূত ৩০ জনের মধ্যে ১৬ জন এখনো নিখোঁজ।পুলিশ সূত্র জানিয়েছে, বেশির ভাগ ক্ষেত্রে এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় প্রথমে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনেরা। পরে লাশ উদ্ধার হলে হত্যা মামলা হয়। এসব ঘটনায় প্রায় তিন ডজন মামলা ও জিডি হলেও কোনোটিরই কিনারা হয়নি। এ অবস্থায় মামলাগুলো অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে পাঠানো হচ্ছে।ছবি কার: মুখে ছোট করে ছাঁটা চাপ দাড়ি, দাঁত বের করে হাসছেন, গায়ে শার্ট। আরেকজনের মাথায় লম্বা চুল, হ্যাংলা গড়ন, পরনে নেভি ব্লু শার্ট। এ রকম দুজনের একটি ছবি ১৫ ডিসেম্বরে ছাপা হয় প্রথম আলোতে। ছবিটি মালিবাগ, শান্তিনগর এলাকার ব্র্যাক ব্যাংকের একটি বুথের। গত ১৭ নভেম্বর মালিবাগ এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে একসঙ্গে সাতজনকে অপহরণ করা হয়। এঁদের একজনের ক্রেডিট কার্ড নিয়ে ওই দুজন এটিএম বুথ থেকে কিছু টাকা তুলে নেন। সেই টাকা তোলার সময় এই ছবিটা ওঠে বুথে রাখা সিসি ক্যামেরায়।ছবির ওই দুই ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, নাকি অন্য কোনো সন্ত্রাসী বাহিনীর সদস্য তা কেউ বলতে পারছেন না।ওই সাতজনের মধ্যে দুজনকে কয়েক ঘণ্টা পর গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। আর একজনের লাশ পরে আশুলিয়া এলাকায় পাওয়া যায়।সাতজনের অপহরণ মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। জানতে চাইলে ডিবির উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম বলেন, ছবির দুই ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি। তদন্ত চলছে।ভৌতিক মাইক্রোবাস: ঢাকা শহরের ব্যস্ত সড়কে মানুষের চোখের সামনে একজন থেকে শুরু করে একসঙ্গে সাতজন লোক পর্যন্ত অপহূত হয়েছেন। প্রতিটি ঘটনার প্রত্যক্ষদর্শীদের বর্ণনা থেকে জানা যায়, এসব অপহরণে ব্যবহূত হয়েছে কালো কাচে ঢাকা সাদা মাইক্রোবাস। অধিকাংশ ঘটনার পর কয়েক মাস পেরিয়ে গেলেও পুলিশ শনাক্ত করতে পারেনি সেই গাড়ি বা গাড়িগুলো।৩১ জুলাই দয়াগঞ্জ থেকে তিন যুবকের অপহরণ, ২৯ সেপ্টেম্বর পুরানা পল্টন এলাকা থেকে ছাত্র ইউনিয়নের সাবেক নেতা কে এম শামীম আকতারের অপহরণ, ২৬ অক্টোবর ফকিরাপুল থেকে ফেনীর যুবলীগের নেতা সারোয়ার জাহান বাবুলের অপহরণ, ১৭ নভেম্বর মালিবাগ থেকে একসঙ্গে সাতজনের অপহরণ, ২৮ নভেম্বর হাতিরপুল থেকে তিন যুবকের অপহরণের ঘটনাসহ কয়েকটি ঘটনায় ব্যবহূত হয়েছে একই রকম মাইক্রোবাস।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ধারী অজ্ঞাত পরিচয় বন্দুকধারী ব্যক্তিরা গাড়িতে তুলেই দরজা-জানালা বন্ধ করে দেয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা থেকে জানা যায়, দয়াগঞ্জের ঘটনায় একটি সাদা মিতসুবিশি মাইক্রোবাস ব্যবহূত হয়েছিল। এ রকম মাইক্রোবাস ব্যবহূত হয় অন্য কয়েকটি ঘটনায়ও।ঢাকা শহরের কয়েকজন রেন্ট-এ কার ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, বেসরকারি পর্যায়ে ভাড়া দেওয়া ও ব্যক্তিগত ব্যবহারের জন্য বাংলাদেশে মূলত টয়োটার হাইয়েস ও নোয়া (লাইটেস ও টাউনেস) মাইক্রোবাস বহুল ব্যবহূত। এ ছাড়া কিছু নিশান মাইক্রোবাসও ব্যবহূত হয়। মিতসুবিশি মাইক্রোবাস তারা ব্যবহার করে না। এ বিষয়ে জানতে চাইলে ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম বলেন, কয়েকটি অপহরণের ঘটনায় ব্যবহূত মাইক্রোবাসগুলোর মধ্যে সাদৃশ্য পাওয়া গেছে। তবে প্রত্যক্ষদর্শীরা এসব মাইক্রোবাসের কোনোটিরই নম্বর দিতে পারেননি। এখন পুলিশ খতিয়ে দেখছে, কোন চক্র বা দল এসব গাড়ি ব্যবহার করছে।