আমানুল হক সম্পর্কে সত্যজিত্ রায়ের স্ত্রী বিজয়া রায় আমাদের কথা বইতে লিখেছেন, ‘১৯৫৯ সালে আমানুল হক বলে বাংলাদেশী একটি ছেলে আমাদের বাড়িতে উপস্থিত হয়। সে ফটোগ্রাফার এবং তাঁর মতে মানিকের মতো (সত্যজিত্ রায়) সাবজেক্ট খুঁজে পাওয়া মুশকিল বলে মানিকের ছবি তোলার অনুমতি চাইল। ছেলেটির কথাবার্তা ভারি সুন্দর ও অত্যন্ত অমায়িক। দেখে শুনে আমাদের ভালোই লাগল; এবং মানিক সহজেই অনুমতি দিলেন। কিছু দিনের মধ্যে আমাদের বাড়ির লোকের মতো হয়ে গিয়েছিল। এখনো কলকাতায় এসেই আমাদের সঙ্গে দেখা করে, ছবিও তোলে।’আমানুল হকের জন্ম সিরাজগঞ্জের শাহজাদপুরে, ১৯২৫ সালে। বর্তমানে বয়স প্রায় ৮৫। অকৃতদার আমানুল হক এখন থাকেন আজিজ সুপার মার্কেটের পাঁচতলায়। একরকম আত্মগোপন করেই আছেন তিনি। খুঁজতে খুঁজতে তাঁর ঘরে গিয়ে পাওয়া গেল তাঁকে। ঘরের মেঝেতে ও টেবিলে স্তূপ করে রাখা আছে ছবি। দেয়ালে ঝুলছে তাঁর হাতে তোলা সত্যজিত্ রায়ের বিখ্যাত সব ছবি। বায়ান্নর ভাষা আন্দোলনের মিছিলে ভাষাশহীদ রফিকের খুলি উড়ে যাওয়া সেই বিখ্যাত ছবিটিও ছিল তাঁর মধ্যে। কথা বলতে গিয়ে টের পাওয়া গেল, খানিকটা আত্মমুখী হয়ে গেছেন মানুষটা। অনেক চেষ্টার পর কিছু কথা বললেন তিনি। বললেন, হুজুর আমাকে শিল্পী বলে ডাকতেন। হুজুর মানে মওলানা আবদুল হামিদ খান ভাসানী। বায়ান্নর ভাষা আন্দোলনের ছবি তুলে আমি অল্প সময়ে অনেকের কাছে পরিচিত হয়েছিলাম, সেই থেকেই মওলানা ভাসানী আমাকে চিনতেন। ১৯৫৭ সালে টাঙ্গাইলের কাগমারীতে মওলানা আবদুল হামিদ খান ভাসানী মহাসম্মেলনের ডাক দিলেন। ভারত থেকে রাজনৈতিক ও সাংস্কৃতিক জগতের বহু নামী আর গুণী মানুষ সেই সম্মেলনে যোগ দিয়েছিলেন। সাংবাদিক হিসেবে এসেছিলেন কবি সুভাষ মুখোপাধ্যায়। আর লেখক তারাশঙ্কর বন্দোপাধ্যায়। সে বছর কাগমারী সম্মেলনে আমার আলোকচিত্রের একটা প্রদর্শনী হয়েছিল।‘১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের সময় আমার তোলা শহীদ রফিকের ছবিটি পোস্টার করে মুসলিম লীগের বিরুদ্ধে প্রচার হয়েছিল। সেই থেকে পাকিস্তান সরকারের রোষানলে পড়ে গেলাম। পুলিশের হাতে প্রায়ই হয়রানি হতাম। তাই কলকাতায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিই। সেখানে সিনেমার কাজ শিখব, এই ভেবে ঢাকা ছেড়ে কলকাতায় চলে গেলাম। কলকাতার মেসে একা একা বহু দিন কাটিয়েছি। কাগমারী সম্মেলনে কবি সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপ হয়েছিল। সেই সময় তাঁর ছবি তুলেছিলাম। পরে তিনিই আমাকে সত্যিজিত্ রায়ের সঙ্গে ৩ নম্বর লেক টেম্পল রোডের বাড়িতে নিয়ে যান। সেটা ১৯৫৯ সালে। সত্যজিত্ রায় আধা ঘণ্টা সময় দিলেন। সুভাষ মুখোপাধ্যায় আর সত্যজিত্ রায় নিজেদের মধ্যে কথা বলছিলেন। ছোট ছোট বাক্যে, গম্ভীর কণ্ঠস্বরে। তখন আমি চুপচাপ সত্যজিত্ ও সুভাষ মুখোপাধ্যায়ের এক-একটা ছবি তুলছিলাম। ‘তারপর মাঝেমধ্যে সত্যজিতের বাড়িতে যেতে থাকি। আমি যখন-তখন ঢুকে যেতাম বাড়িতে। তবে সত্যজিত্ রায় ঠিকই জানতেন, আমি আছি। বিজয়া বৌদি আমাকে এটা-ওটা খেতে দিতেন। সন্দ্বীপ রায়ের বয়স তখন চার বছর। সত্যজিতের মা সুপ্রভা রায়ের সঙ্গে সত্যজিত্, বিজয়া বৌদি আর তাঁদের ছেলে সন্দ্বীপের যৌথ ছবি আমি তুলি।১৯৬০ সালে সত্যজিত্ রায় শুরু করলেন দেবী ছবি। শুটিংয়ের পুরো সময়টা আমি সত্যজিতের সঙ্গে কাটাই। দেখতাম, তিনি খুব ভোরে ঘুম থেকে উঠতেন। মাথা নিচু করে আঁকা-লেখার কাজ করতেন। এর ফাঁকে ফাঁকে ইউনিটের লোকজনের সঙ্গে কথা বলছেন, আবার কাজ করছেন। তাঁর সিনেমার জন্য বুকলেট, বিজ্ঞাপন টাইটেল, পোস্টার—সবই নিজের হাতে তৈরি করতেন।একদিন সত্যজিতের ঘরে ঢুকে দেখি, ‘তাঁর টেবিলে বাংলাদেশের দুটি পত্রিকা। একটি সাপ্তাহিক চিত্রালী অন্যটি সংবাদ। এই দুটি পত্রিকা সত্যজিত্ রায় নিয়মিত পেতেন। একদিন সেখানে অভিনেত্রী ববিতার একটি ছবি দেখলেন। তখন ববিতা সম্পর্কে আমার কাছে জানতে চাইলেন। ঘটনাচক্রে চিত্রালীতে ববিতার সেই ছবিটা আমারই তোলা ছিল। সত্যজিত্ রায় আমাকে জানালেন, অনেক দিন ধরে একটি নিষ্পাপ মুখ খুঁজছিলেন, পাচ্ছিলেন না।একজন অভিনেত্রীর জন্য অশনিসংকেত নামে চলচ্চিত্রটি করতে পারছিলেন না। চিত্রালীর এই ছবিটি দেখার পরই সত্যজিত্ রায় তাঁর ইউনিটের আলোকচিত্রী নিমাই ঘোষকে ঢাকায় পাঠান। নিমাই ঘোষ মেকআপ ছাড়া ববিতার অনেকগুলো পোর্ট্রেট তুলে নিয়ে এলেন। সেই ছবি দেখেই সত্যজিত্ ববিতাকে অশনিসংকেত ছবির নায়িকা হিসেবে নির্বাচন করলেন। আমি জীবনের বিশাল এক সময় তাঁর সঙ্গে কাটিয়েছি। নতুন ছবির শুটিং হলেই আমাকে চিঠি লিখতেন, আমি কলকাতায় গিয়ে শুটিংয়ের ছবি তুলতাম।আমার দেশ চিত্র মালা নামে ছবির একটা সংকলন করার জন্য ৫০ বছর ধরে ছবি তুলছি। এখন আমি আমার তোলা সেই ছবিগুলো নিয়ে বই করার চেষ্টা করছি। সেটি আমেরিকা থেকে সহসাই বেরও হবে হয়তো। তবে এখন শরীর ভালো যাচ্ছে না। প্রচুর ওষুধ খেতে হয়, টাকাও একটা সমস্যা। তাই বইটা নিয়ে দৌড়ঝাঁপ করতে পারি না।’