ছবির সঙ্গেই কথা বলি
‘বড় নাতির বয়স তখন দুই বছর। সে সময় ওরা বাইরে চলে গেল। কেমন লেগেছিল বোঝাতে পারব না। কত রাত যে নির্ঘুম কাটিয়েছি। মেয়ে ও তার সন্তানের মুখ সারাক্ষণ মনে পড়ত। প্রায় ১৪ বছর হলো ওরা নিউইয়র্কে থাকছে। সন্তান ছেড়ে থাকাই কষ্টের। তাও যদি সে হয় একমাত্র।’ ১৪ বছর আগের সেই অনুভূতির কথা বলেন সৈয়দা ডলি শামসুননাহার ও জয়নাল আবেদীন। ইলিয়া তাঁদের একমাত্র সন্তান। স্বামী ও দুই সন্তান নিয়ে তিনি দেশের বাইরে। কিন্তু মা-বাবার তাঁদের জন্য মন খারাপ লাগে। কিন্তু নাতি-নাতনির ফোন পেলে তা নিমেষেই কেটে যায়। ‘আমার নাতনি হওয়ার আগে মেয়ের কাছে গিয়েছিলাম। ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। নাতনির মুখ না দেখেই চলে আসতে হয়েছিল। এমন কষ্ট জীবনে কম পেয়েছি। এরপর অবশ্য দুবার দেশে এসেছিল ওরা। নাতিটা বড় হয়েছে। নিজে থেকে কিছু কিনতে চায় না। নাতনি আবার সে রকম না।সবকিছুর তালিকা করে পাঠায়। ওর এখন পাঁচ বছর বয়স। গতবার এসে শাড়ি কিনতে চাইল। সেটি নাকি হীরা বসানো হতে হবে। আমি তো হেসেই খুন। পরে পাথর বসানো শাড়ি তৈরি করে দিয়েছি। আর ফোন ধরতে দেরি হলে নাতনি রেগে যায়। তাকে কৈফিয়ত দিতে হয়। অন্য রকম এক আনন্দ। ১০ বছর থেকে ক্যানসারের সঙ্গে বাস করছি। যখন অসুস্থ হই, তখন ওদের দেখতে ইচ্ছে করে। মনে হয়, ওরা যদি কাছে থাকত।’ দীর্ঘশ্বাস ছাড়েন ডলি শামসুননাহার। সরকারি কর্মকর্তা ছিলেন জয়নাল আবেদীন। অবসরের এই সময়গুলোয় ওদের সান্নিধ্য পেতে ইচ্ছে করে তাঁর। গাছ ভালোবাসেন। গাছের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ। কে জানে, এভাবেই হয়তো আপনজনের সান্নিধ্য ভোলেন। ‘মেয়েটা যখন গিয়েছিল। ভীষণ কষ্ট পেয়েছিলাম। বিশেষ করে নাতিটার জন্য। মনটা হু হু করে উঠত। কত চোখের পানি ফেলেছি। বাচ্চাদের স্কুল ছুটি হলে ওরা আসে। আমরাও যাই। কেউ গেলে খাবার, পোশাকসহ ওদের পছন্দের জিনিস পাঠাতে চেষ্টা করি। ওরাও পাঠায়। কত গল্প যে ওদের। শুনলেই মনটা ভরে যায়। প্রতি বছর তো আর দেশে আসতে পারে না। সে জন্য ছবি পাঠায়। ছবির সঙ্গেই কথা বলি আমরা।’ ডলি শামসুননাহার বলেন, ‘মা তো আমি। বিশেষ দিনগুলোতে কষ্ট হয়। ঈদে বের হই না। ভাইবোনের ছেলেমেয়েরা বেড়াতে আসে। ওরাই সঙ্গ দেয়। মেয়েরও যে খারাপ লাগে, সেটা বুঝি। কিন্তু কী করার আছে। এটুকু ভেবে শান্তি পাই যে ওরা ভালো আছে। আমাদের ভালোবাসে। এর থেকে বড় পাওয়া আর কী হতে পারে।’