ছয় ঘণ্টায় ৩৪ হাজার নিবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও বরিশাল বিভাগে আজ রোববার সকাল থেকে সরকারিভাবে মালয়েশিয়া যেতে আগ্রহী লোকদের নাম নিবন্ধন শুরু হয়েছে। এই দুই বিভাগের ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রে নাম নিবন্ধন চলছে। সকাল নয়টায় নিবন্ধন শুরু হওয়ার পর বেলা তিনটা পর্যন্ত দুই বিভাগে ৩৪ হাজার ব্যক্তি নাম নিবন্ধন করেছেন। নিবন্ধনের বিষয়টি তদারকি করছে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। প্রতিষ্ঠানের পরিচালক (কম্পিউটার, গবেষণা ও পর্যবেক্ষণ) নূরুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে নাম নিবন্ধন চলছে। ছয় ঘণ্টায় ৩৪ হাজার ব্যক্তি নাম নিবন্ধন করেছেন। বিকেল পাঁচটা পর্যন্ত নিবন্ধন চলবে। তথ্যসেবাকেন্দ্রে নিবন্ধনে এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যার কথা জানা যায়নি। আগামীকাল ১৪ ও পরদিন ১৫ জানুয়ারি ঢাকা ও বরিশাল বিভাগের আগ্রহী ব্যক্তিরা নাম নিবন্ধন করতে পারবেন। ১৬ জানুয়ারি এই দুই বিভাগের নিবন্ধনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার জন্য সুযোগ পাওয়া কর্মী নির্বাচন করা হবে। মালয়েশিয়া প্রথম দফায় ১০ হাজার কৃষিশ্রমিক নেওয়ার জন্য চাহিদাপত্র পাঠিয়েছে। তাই সারা দেশে এখন কৃষিশ্রমিক নেওয়ার জন্য নাম নিবন্ধন চলছে। রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ১৬ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন হবে। এখানে লটারি হবে ১৯ জানুয়ারি। খুলনা ও চট্টগ্রাম বিভাগে ১৯ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন হবে। এই দুই বিভাগে লটারি হবে ২২ জানুয়ারি।প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, প্রতি বিভাগে তিন দিনের নিবন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে কম্পিউটারের স্বয়ংক্রিয় পদ্ধতিতে লটারির মাধ্যমে ৩৪ হাজার ৫০০ কর্মী নির্বাচন করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্য থেকে প্রথম পর্যায়ে মালয়েশিয়া পাঠানোর জন্য চূড়ান্তভাবে ১১ হাজার ৫০০ কর্মীকে নির্বাচন করে মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে।