ছয় চেয়ারম্যানকে বরখাস্তের বিরুদ্ধে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের বিরুদ্ধে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বহাল রয়েছে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ।একই সঙ্গে চার সপ্তাহের মধ্যে পক্ষগণকে হাইকোর্টের রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে।আজ রোববার প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।১ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (ইউনিয়ন পরিষদ-১ অধিশাখা) উপসচিব স্বাক্ষরিত পৃথক স্মারকে বিশ্বনাথ উপজেলার সাত ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ২ জুলাই বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পৃথক নোটিশে চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে ওই চেয়ারম্যানদের সংশ্লিষ্ট প্যানেল চেয়ারম্যান-১-এর কাছে কার্যভার বুঝিয়ে দিতে বলেন। এর বৈধতা চ্যালেঞ্জ করে ছয় চেয়ারম্যান ৩ জুলাই মঙ্গলবার হাইকোর্টে পৃথক রিট করেন। ৪ জুলাই রিটের ওপর শুনানি শেষে বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত ও রুল জারি করেন।হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে ১১ জুলাই চেম্বার বিচারপতি আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।আজ এ আবেদনের ওপর শুনানি শেষে আদালত এ রায় দেন।আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন মওদুদ আহমদ। সঙ্গে ছিলেন মাহবুবউদ্দিন খোকন ও নাজমুল হুদা।রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক।আদালত থেকে বেরিয়ে একরামুল হক প্রথম আলো ডটকমকে বলেন, আদালত চার সপ্তাহের মধ্যে হাইকোর্টের রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি করতে বলা হয়েছে।আইনজীবী নাজমুল হুদা বলেন, আপিল বিভাগ হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ দেননি। ফলে বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল থাকছে। রুল শুনানি করতে বলা হয়েছে। তাই ওই ছয় চেয়ারম্যান কাজ চালিয়ে যেতে পারবেন।