ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা: ডাকাতি মামলার বাদীসহ গ্রেপ্তার ২
ঢাকার অদূরে সাভারের আমিনবাজারের বরদেশী গ্রামে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার পর করা ডাকাতি মামলার বাদীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গতকাল সোমবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার দুজন হলেন—মামলার বাদী বালু ব্যবসায়ী আবদুল মালেক এবং মামলার বাদীপক্ষভুক্ত বালু ব্যবসায়ী আবদুল হামিদ।সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সিরাজুল ইসলাম দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।এই দুজনকে আজ আদালতে নেওয়া হবে। ডাকাতি মামলাটিকে মিথ্যা ও সাজানো উল্লেখ করে নিহতদের পরিবার দীর্ঘদিন ধরেই বাদীকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিল।ওই ঘটনায় নিহত ছাত্র কামরুজ্জামান কান্তর বাবা মো. সুরুজ বলেন, দীর্ঘদিন ধরে মামলাটি গতি পাচ্ছিল না। বাদীরা কেন মিথ্যা মামলা করল, কাদের প্ররোচনায় করল; এই দুজনকে গ্রেপ্তার করায় তা জানা যাবে। অপরাধীদের চিহ্নিত করা সহজ হবে। ২০১১ সালের ১৭ জুলাই রাতে বরদেশী গ্রামে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে মারে গ্রামবাসী। নিহত ছয়জন হলো—ধানমন্ডির ম্যাপললিফে ‘এ’ লেভেলের ছাত্র শামস রহিম শাম্মাম (১৭), মিরপুর সরকারি বাঙলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র ইব্রাহিম খলিল (২১), বাঙলা কলেজের পদার্থবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌহিদুর রহমান পলাশ (২০), তেজগাঁও কলেজের ব্যবস্থাপনা প্রথম বর্ষের ছাত্র টিপু সুলতান (১৯), মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র সিতাব জাবীর মুনিব (২০) এবং বাঙলা কলেজে উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগের ছাত্র কামরুজ্জামান কান্ত (১৬)।এ ঘটনায় সাভার থানায় দুটি মামলা হয়েছে। একটি মামলা করেন বরদেশী গ্রামের বালু ব্যবসায়ী আবদুল মালেক। তিনি অভিযোগ করেন, হতাহত তরুণেরা রোববার রাতে ক্যাবলার চরে তাঁর বালুর গদিতে গিয়ে পাঁচ হাজার টাকা লুটে নেয়। এরপর পাশের একটি গদিঘরে গেলে তিনি চিত্কার দেন। এ সময় গ্রামের লোকজন এসে তাদের আটক করে পিটুনি দিলে ছয়জন মারা যায়। অপর মামলার বাদী এসআই আনোয়ার হোসেন। ছয় খুনের ঘটনায় তিনি অজ্ঞাতনামা পাঁচ-ছয় শ লোককে আসামি করেন।