ছয় বিজ্ঞানীসহ সাতজনের কারাদণ্ড
ইতালির ছয় বিজ্ঞানী ও এক সাবেক সরকারি কর্মকর্তাকে ছয় বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন সে দেশের আঞ্চলিক আদালত। কেন্দ্রীয় শহর লা অ্যাকুইলায় ২০০৯ সালের ৬ এপ্রিল ভয়াবহ ভূমিকম্পে নিহত ব্যক্তিদের মৃত্যুর জন্য তাঁদের দোষী সাব্যস্ত করে আদালত এ রায় দেন। গতকাল বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়। ইতালির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওই সাত আসামি ‘ন্যাশনাল কমিশন ফর দ্য ফোরকাস্ট অ্যান্ড প্রিভেনশন অব মেজর রিস্কস’-এর সদস্য ছিলেন। তাঁদের বিরুদ্ধে ২০০৯ সালে ইতালিতে সংঘটিত ভূমিকম্প সম্পর্কে ভুল, অসম্পূর্ণ ও বিতর্কিত তথ্য সরবরাহের অভিযোগ আনা হয়। ২০১১ সালের সেপ্টেম্বরে তাঁদের বিচার শুরু হয়। গতকাল শুনানিতে বিচারক মারকো বিলি ভূমিকম্পে গণমৃত্যুর জন্য তাঁদের দোষী সাব্যস্ত করেন। চার ঘণ্টা শুনানি শেষে আদালত তাঁদের প্রত্যেককে ছয় বছরের কারাদণ্ডাদেশ দেন। আইনজীবীদের অভিযোগ, দণ্ড পাওয়া ওই ব্যক্তিরা ভূমিকম্পের আগে জনগণকে মিথ্যা আশ্বাস দিয়েছিলেন। ভূমিকম্পটি বড় ধরনের কোনো আঘাত হানবে না বলে তাঁরা ভবিষ্যদ্বাণী করেন। অথচ ৬ দশমিক ৩ মাত্রার ওই ভূমিকম্পের আঘাতে লা অ্যাকুইলা শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ৩০৯ জনের মৃত্যু হয়। ভূমিকম্প আঘাত হানার কয়েক মাস আগে ওই এলাকায় বেশ কয়েকবার মৃদু ভূ-কম্পন অনুভূত হয়। এতে সেখানকার বেশ কয়েকটি ঐতিহাসিক স্থান ক্ষতিগ্রস্ত হয় বলেও জানান তাঁরা।