ছয় মাসের জামিন পেলেন ফখরুল
১৮ দলের রাজপথ অবরোধ চলাকালে গাড়িতে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনায় করা দুই মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ বুধবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ তাঁর জামিন আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। আদালত একই সঙ্গে কেন তাঁকে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন মওদুদ আহমদ। সঙ্গে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।পরে মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, ‘পৃথক দুটি মামলায় হাইকোর্ট তাঁর ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। রুলও জারি করেছেন। আমার জানা মতে, তাঁর বিরুদ্ধে আর কোনো মামলা নেই। এতে তাঁর কারামুক্তিতে আইনগত বাধা নেই।’সকালে পল্টন ও শেরেবাংলা নগর থানায় মির্জা ফখরুলের বিরুদ্ধে করা দুটি মামলায় তাঁর আইনজীবী মাহবুব উদ্দিন খোকন জামিনের পৃথক আবেদন করেন।এ দুই মামলায় ১৮ ডিসেম্বর মির্জা ফখরুল জামিনের আবেদন করলে ২৪ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. হেলাল উদ্দিন তা নামঞ্জুর করেন।৯ ডিসেম্বর বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা রাজপথ অবরোধে গাড়িতে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনায় ৩৭টি মামলা হয়। সব মামলায় ফখরুল ইসলামকে আসামি দেখানো হয়েছে। এর মধ্যে পল্টন ও শেরেবাংলা নগর থানায় করা দুটি মামলায় ১১ ডিসেম্বর তাঁকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। তবে দুটি মামলার কোনোটিতেই রিমান্ড আবেদন মঞ্জুর হয়নি। পরে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।