ছয় মাসের জামিন পেলেন বিচারক জাবেদ ইমাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাময়িক বরখাস্ত ভোলার জ্যেষ্ঠ সহকারী জজ জাবেদ ইমামের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তাঁর জামিন আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়।একই সঙ্গে কেন তাঁকে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস। সঙ্গে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মামুন।রুহুল কুদ্দুস সাংবাদিকদের বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আদালত জাবেদ ইমামের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। এতে তাঁর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মামুন প্রথম আলো ডটকমকে বলেন, হাইকোর্ট জামিন মঞ্জুর করেছেন। এতে স্থগিতাদেশ চেয়ে আবেদন করার প্রস্তুতি চলছে।গত ১ ডিসেম্বর রাজধানীর ইডেন কলেজের সামনে থেকে ফেনসিডিলসহ জাবেদ ইমামকে আটক করে পুলিশ। আটকের পর নিউমার্কেট থানায় সংবাদ সম্মেলন করে পুলিশ। সেখানে জাবেদ ইমাম ফেনসিডিল বহনের কথা স্বীকার করেন। বিচারক জাবেদ ইমামকে গণমাধ্যমের সামনে হাজির করানোর ঘটনায় ২ ডিসেম্বর রমনা জোনের সহকারী কমিশনারসহ পাঁচ পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেন আদালত।৬ ডিসেম্বর জাবেদ ইমামকে গণমাধ্যমের সামনে হাজির করার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের উপকমিশনারসহ (রমনা) পুলিশের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়াসহ অপরাধ বিভাগ থেকে প্রত্যাহারের আদেশ দেন আদালত। পরে এই আদেশ স্থগিত করেন হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে ২০ ডিসেম্বর অভিযোগপত্র দেয় পুলিশ।