ছয় মাসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পূর্ণাঙ্গ ডিজিটাল হবে
ছয় মাসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পূর্ণাঙ্গ ডিজিটাল করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। তিনি বলেছেন, এই ডিজিটাল ব্যবস্থার নাম হবে ‘টেকনিক্যাল লিংকেজ ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’; সংক্ষেপে ‘টেকলিংক’। এ কাজে সহায়তা দেবে চীন।আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কক্ষে চীনের রাষ্ট্রদূত লি জুনের সঙ্গে আলোচনা শেষে মন্ত্রী এ ঘোষণা দেন।স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, মন্ত্রণালয়ের দলিল-দস্তাবেজ কম্পিউটারাইজড করা হবে। মন্ত্রণালয়কে কাগজবিহীন করা হবে। তিনি বলেন, সব তথ্য আদান-প্রদান করা হবে ডিজিটাল পদ্ধতিতে। চিঠিপত্রও সংরক্ষিত হবে এই পদ্ধতিতে।অন্য মন্ত্রণালয়ের সঙ্গে ফাইল আদান-প্রদানের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অন্য সব মন্ত্রণালয়ের সারথি হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকার আমিনবাজারে পাঁচজন নিখোঁজ হওয়ার প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক সরকারের কোনো এজেন্সি এ ধরনের কাজ করতে পারে না। এ রকম ধারণা পোষণ করা ঠিক নয়।’ চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিষয়ে মন্ত্রী বলেন, ‘পারস্পরিক সম্পর্কের সব বিষয়েই আলোচনা করেছি।’