আদালত অবমাননা মামলায় আদালতে হাজিরসংক্রান্ত আদেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনার ছহুল হোসাইনের করা আবেদনের ওপর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আগামী বৃহস্পতিবার শুনানি হবে। আজ চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন শুনানির এই দিন ধার্য করেন।এর আগে গত ৩০ সেপ্টেম্বর সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের করা আদালত অবমাননা মামলায় হাইকোর্ট ছহুল হোসাইনকে ৭ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে আদালত অবমাননার অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। হাইকোর্টের এই আদেশের স্থগিতাদেশ চেয়ে ছহুল হোসাইন আপিল বিভাগে আবেদন করেন। তবে আদালত কোনো স্থগিতাদেশ দেননি। আদালতে ছহুলের পক্ষে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও মাহমুদুল ইসলাম এবং মহীউদ্দীন খান আলমগীরের পক্ষে রোকন উদ্দিন খান মাহমুদ মামলা পরিচালনা করেন।