ছহুল হোসাইনের প্রতি আদালত অবমাননার রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার ছহুল হোসাইনের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। আদালত অবমাননার অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৭ অক্টোবর আদালতে হাজির হয়ে জানাতে বলা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের করা এক আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন। মহীউদ্দীন খান আলমগীরের কৌঁসুলি রোকনউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করায় হাইকোর্ট ছহুল হোসাইনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন। এর আগে হাইকোর্টের ওই বেঞ্চ গত ২৬ সেপ্টেম্বর মহীউদ্দীন খান আলমগীরের সদস্যপদ শূন্য ঘোষণাসংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট বা প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করেন। সেই সঙ্গে ওই গেজেটটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন। এরপর গত ২৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, মহীউদ্দীন খান আলমগীরের সদস্যপদ বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ করার সিদ্ধান্ত সঠিক ছিল। এর প্রেক্ষাপটে বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করা আদালত অবমাননার শামিল বলে মহীউদ্দনি খান আলমগীর হাইকোর্টে আজ মামলা করেন। শুনানিতে মহীউদ্দীন খান আলমগীরের কৌঁসুলি রোকনউদ্দিন মাহমুদ বলেন, বিচারাধীন বিষয় নিয়ে নির্বাচন কমিশনারের বক্তব্য বিচারপ্রক্রিয়া প্রভাবান্বিত করার শামিল। এখনো আদালতে রুল বিচারাধীন। এ ধরনের বিষয় রুলের প্রতি অবজ্ঞাকর। এ নিয়ে জনমনে বিভ্রান্তি হতে পারে। সংক্ষিপ্ত শুনানি শেষে আদালত এ আদেশ দেন।