নির্বাচন কমিশনার ছহুল হোসাইনের বিরুদ্ধে সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের করা আদালত অবমাননার মামলায় রুল নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট। তবে আদালত প্রত্যাশা করেন, ভবিষ্যতে নির্বাচন কমিশনার এমন বক্তব্য দেবেন না। আজ রোববার বিকেলে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ রুলটি নিষ্পত্তি করেন। এর আগে গত ৭ অক্টোবর এ মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে ছহুল হোসাইনকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে ওই দিন এ-সংক্রান্ত রুল এবং তা প্রত্যাহার চেয়ে ছহুল হোসাইন আবেদন করলে আদালত আজ রোববার শুনানির দিন ধার্য করেছিলেন। গত ২২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন চাঁদপুর-১ আসনের সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে মহীউদ্দীন খান আলমগীর হাইকোর্টে রিট করেন। গত ২৬ সেপ্টেম্বর হাইকোর্টের ওই বেঞ্চ মহীউদ্দীন খান আলমগীরের সদস্যপদ শূন্য ঘোষণাসংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেটের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন। ওই গেজেটটি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আদালত রুল জারি করেন।এরপর নির্বাচন কমিশনার ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, মহীউদ্দীন খান আলমগীরের সদস্যপদ বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ করার সিদ্ধান্ত সঠিক ছিল।ছহুল হোসাইনের এ বক্তব্য আদালত অবমাননার শামিল দাবি করে গত ২৮ সেপ্টেম্বর মহীউদ্দীন খান আলমগীর হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করেন।