ছাঁটাই ও কারখানা বন্ধের প্রতিবাদে সাভারে পোশাকশ্রমিক অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে আজ রোববার ঢাকার সাভারের কলমা এলাকায় নাভানা সোয়েটার লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে। সাভার থানা পুলিশ ও শ্রমিকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, অব্যাহত লোকসান আর কাজ না থাকার কারণ দেখিয়ে কর্তৃপক্ষ আড়াই হাজার শ্রমিককে ছাঁটাই করে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা দিয়ে কারখানার মূল ফটকে নোটিশ ঝুলিয়ে দেয়।ছয় দিন বন্ধ থাকার পর আজ সকালে শ্রমিকেরা কর্মস্থলে এসে এই নোটিশ দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন। শ্রমিকেরা কারখানার ভেতর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। খবর পেয়ে সাভার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এতে শ্রমিকেরা আরও ক্ষিপ্ত হয়ে কারখানায় ঢোকার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দুপুরের দিকে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে চলে যান।কারখানার শ্রমিক আবদুর রহিম ও রফিকুল ইসলামসহ আরও অনেকেই জানান, ২৩ অক্টোবর ঝুট ব্যবসাকে কেন্দ্র করে কারখানা কর্তৃপক্ষের লোকজনের সঙ্গে স্থানীয় এক যুবলীগের নেতার হাতাহাতির ঘটনা ঘটে।ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ২৪ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। আজ কারখানা খোলার দিন শ্রমিকেরা কর্মস্থলে গিয়ে এই নোটিশ দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা অভিযোগ করেন, কর্তৃপক্ষের এ দাবি সত্য নয়।নাম প্রকাশ না করার শর্তে কারখানার একজন কর্মকর্তা শ্রমিক ছাঁটাই করে কারখানাটি বন্ধের সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, আগামী ৪ নভেম্বর নিয়ম অনুযায়ী শ্রমিকদের সব পাওনা পরিশোধ করে দেওয়া হবে।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।