ছাঁটাই কর্মীদের ৭১ রিট নিয়ে সংকটে বিমান
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে স্বেচ্ছা-অবসর কর্মসূচিতে (ভিআরএস) ছাঁটাই হওয়া কর্মীদের করা ৭১টি রিট মামলা নিয়ে নতুন সংকটে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এসব মামলার ব্যাপারে আইন মন্ত্রণালয় ও অ্যাটর্নি জেনারেলের সহায়তা চেয়েছে। জানা যায়, আজ মঙ্গলবার হাইকোর্টে এসব রিট মামলার শুনানির দিন ধার্য রয়েছে। বিমান মন্ত্রণালয় মামলার ব্যাপারে সহায়তা চেয়ে গত ৫ এপ্রিল আইনমন্ত্রী ও পরদিন অ্যাটর্নি জেনারেলের কাছে চিঠি দেয়। এই চিঠির পরিপ্রেক্ষিতে গত ২০ এপ্রিল আইন মন্ত্রণালয়ে সভা হয়। আইনমন্ত্রী শফিক আহমেদের সভাপতিত্বে ওই সভায় ‘ভিআরএস-সংক্রান্ত মামলাসমূহে সরকারপক্ষে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য পরবর্তী করণীয় বিষয়ে’ আলোচনা হয়। জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, তাঁরা চিঠি পেয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।আইনমন্ত্রী বর্তমানে বিদেশ থাকায় এ ব্যাপারে তাঁর বক্তব্য নেওয়া যায়নি। জানা যায়, বিমানকে কোম্পানি করার আগে ২০০৭ সালের জুনে ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিমের (ভিআরএস) আওতায় প্রতিষ্ঠানের এক হাজার ৮৬২ জন কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করা হয়। ভুক্তভোগী কর্মীরা তখন অভিযোগ করেছিলেন, তাঁরা কেউ স্বেচ্ছায় চাকরি ছাড়েননি। জোর করে তাঁদের ভিআরএস ফরম পূরণে বাধ্য করা হয়েছে। এমনকি মাতৃত্বকালীন ছুটিতে থাকা কর্মীরাও এ থেকে বাদ যাননি। এসব কর্মীর অনেকে তত্ত্বাবধায়ক সরকারের কাছেও একই অভিযোগ তুলে চাকরি ফিরে পাওয়ার জন্য আবেদন করেন। সহস্রাধিক কর্মী চাকরি ফিরে পেতে হাইকোর্টে ৭১টি রিট করেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বেসামরিক বিমান চলাচলসংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি এসব কর্মীকে চাকরিতে পুনর্বহালের সুপারিশ করে। কর্মীদের আন্দোলনের মুখে গত বছর বিমান কর্তৃপক্ষও তাঁদের পুনর্বহালের ব্যাপারে আশ্বাস দেয়। বিমানের দায়িত্বশীল এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, স্বেচ্ছা-অবসরে যাওয়া কর্মীরা অবসরকালীন সব সুবিধা এবং আগাম অবসরের কারণে ক্ষতিপূরণ নিয়েছেন। এই ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে বিশ্বব্যাংক থেকে ঋণ নিয়ে। এখন তাঁদের পুনর্বহাল করে ওই টাকা ফেরত নিতে গেলে আরেক জটিলতার সৃষ্টি হবে।রিট আবেদনকারীদের বেশ কয়েকজন প্রথম আলো কার্যালয়ে এসে তাঁদের সংকটের কথা জানান। তাঁরা বলেন, চাকরিতে পুনর্বহাল করা হলে টাকা ফেরত দিতে হবে—এটা তাঁরা জানেন। এ জন্য তাঁদের প্রস্তুতিও রয়েছে।