ছাই ঝেড়ে সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মানিক-রতন। এ চরণখানি যেন খাপের খাপ মিলে যায় সেখানে। একদল মানুষ ছুটছেন সেই ধুলা-ময়লা ও ছাইয়ের পেছনে, যা ঘেঁটে সত্যি সত্যি সোনা-রুপা পাওয়া যায়। এ মূল্যবান ধাতু বেচে পাওয়া যায় দিন গুজরানের কিছু টাকা। গুপ্তধন খুঁজে বের করার মতো রোমাঞ্চকর এ কাজকে জীবিকা হিসেবে নিয়েছেন তাঁরা। যশোর শহরের সোনাপট্টিতে সোনার দোকানগুলোর আশপাশের ধুলা-ময়লা-ছাই তাঁদের এ জীবিকার উত্স। শহরের বেজপাড়া এলাকার ৩০-৩৫ জন মানুষ এখন এই করে সংসার চালাচ্ছেন। তাঁরা এখন ‘সোনার ছাই কেনা ব্যাপারি’ বলে পরিচিত। তাঁদের কাছে আবর্জনা বেচে স্বর্ণ-ব্যবসায়ীরাও পাচ্ছেন বাড়তি দুটো পয়সা।আবর্জনা আহরণ: সোনার ছাই কেনা ব্যাপারিরা জানান, বছর বিশেক আগে ঢাকা থেকে মাছুম ব্যাপারি, সরস ব্যাপারি ও পরশ আলীসহ কয়েকজন বেজপাড়ার সুপারিবাগানে এসে রত্ন উদ্ধারের কাজ শুরু করেন। তাঁদের মাধ্যমে স্থানীয় লোকজনের মধ্যে এ পেশার বিস্তৃতি ঘটে। একপর্যায়ে সোনাপট্টির আবর্জনা তাঁদের জীবিকার মূল উত্স হয়ে দাঁড়ায়। মাছুম ব্যাপারির ছেলে বাদশা ব্যাপারি ও পরেশ আলীর ছেলে ইসরাফিল এখন এ কাজ করেন।সোনাপট্টির রাস্তা ও বিপণিকেন্দ্রের যেসব জায়গায় সোনার কারিগরদের যাতায়াত রয়েছে, এসব স্থানে তাঁদের অলক্ষ্যে পড়ে থাকতে পারে সোনা-রুপার কণা। এসব স্থানের ধুলা-ময়লা বস্তায় ভরে বাড়ি নিয়ে যান ব্যাপারিরা। আরও নেন কারিগরদের হাত মোছার ন্যাকড়া, কারিগরের মাদুর, অলংকার তৈরির ছাই, সোনা পলিশের পানি, কারখানা ও কারিগরদের টেবিলের ধুলা, অজু, গোসল ও প্রস্রাবখানার ময়লা ও মাটি। এমনকি নর্দমার কাদা ও শৌচাগারের ময়লাও তাঁরা নিয়ে যান। প্রতি সপ্তাহে দুই দিন চলে এ আবর্জনা আহরণ।স্বর্ণপট্টিতে একদিন: সম্প্রতি এক দুপুরে ওই স্বর্ণপট্টিতে গিয়ে উল্লিখিত ব্যাপারিদের দোকান, রাস্তা ও নর্দমা থেকে আবর্জনা আহরণ করতে দেখা যায়। এ সময় ব্যাপারি রইজ মোল্লা বলেন, ‘সোনাপট্টির সোনালি মার্কেটের একটি শৌচাগার যুগ যুগ ধরে ব্যবহার করেন স্বর্ণ কারিগরেরা। দুই বছর আগে মার্কেটটি ভাঙার সময় শৌচাগারটিও ভেঙে ফেলা হয়। শৌচাগারের সেপটিক ট্যাংকে সোনা-রুপা থাকতে পারে বলে ধারণা করেন তাঁরা। পরে তিনি ও অপর ছয়জন ব্যাপারি মিলে ওই সেপটিক ট্যাংকের ময়লা বস্তায় ভরে নিয়ে পানিতে ধুয়ে বিশেষ প্রক্রিয়ায় আগুনে পুড়ে চার ভরি সোনা ও আট ভরি রুপা পান।’ ব্যাপারি হারুন-অর-রশীদ বলেন, সোনাপট্টির রাস্তার ধুলা ও নর্দমার কাদা নেওয়ার জন্য যশোর জুয়েলারি সমিতিকে বছরে ২৪ হাজার টাকা দিতে হয়। ডাকের মাধ্যমে বেজপাড়ার সাত ব্যাপারি মিলে ওই রাস্তার আবর্জনা সারা বছরের জন্য কেনার অনুমতি পেয়েছি। সোনাপট্টির স্বর্ণ-ব্যবসায়ী রতন মৌলিক বলেন, তিনি গত মাসে এক হাজার টাকার ধুলা বিক্রি করেছেন। অপর ব্যবসায়ী বাণি জুয়েলার্সের স্বত্বাধিকারী কুমার সঞ্জয় চন্দ্র জানান, তাঁর কারখানা থেকে পাঁচ হাজার টাকার ছাই ধুলা বিক্রি হয়েছে। সোনা-রুপা বের করার কৌশল: আবর্জনা থেকে সোনা-রুপা আহরণে পুরুষদের সহযোগিতা করে থাকেন নারীরা। এ জন্য একটি হাওয়া দেওয়ার যন্ত্র, একখণ্ড নল, রড, চিমটা ও একটি হাতুড়ির দরকার হয়। অলংকার তৈরির পর ফেলনা ছাই, দোকানঘর ও রাস্তার ধুলা ও নর্দমার কাদা থেকে একই প্রক্রিয়ায় সোনা-রুপা বের করা হয়। সোনা-রুপা পলিশের পানি থেকে সোনা আহরণের প্রক্রিয়া আবার ভিন্ন। এ ময়লা পানিকে স্থানীয় ব্যবসায়ী ও ব্যাপারিরা বলেন ‘ঝন্না’। মিষ্টির দোকানে ছানা থেকে পানি ঝরানোর মতো করে ঝন্না কাপড়ে বেঁধে পানি ঝরিয়ে ফেলা হয়। এরপর বড় বড় দলা বানিয়ে আগুনে পুড়িয়ে ছাই করে সিসা, কয়লা, পুুনট ও সোহাগা দিয়ে বড়ার মতো ছোট ছোট পিণ্ড করা হয়। মাটিতে গর্ত করে এসব পিণ্ড রেখে ওপরে ইট দিয়ে হাউস বানিয়ে কাঠ কয়লার আগুনে তাপ দিয়ে তরল করা হয়। এ তরল থেকে তৈরি হয় সোনা-রুপার চান্দি। পরে এসিড দিয়ে সোনা-রুপা আলাদা করা হয়।কারিগরদের হাত মোছার ন্যাকড়া, বসার মাদুর, আগুনে পুড়িয়ে ছাই করে রাস্তা ও ঘরের ধুলা এবং নর্দমার কাদার সঙ্গে মিশিয়ে পানিতে ভিজিয়ে স্টিলের গামলায় করে শুকানো হয়। এটিকে ব্যাপারিরা বলেন ‘ঠস মাল’। সিসা ও সোহাগা দিয়ে ঠস মাল তরল করা হয়। পরে চুন ও তুষের ছাই দিয়ে তৈরি মিশ্রণের মধ্যে তা ঢেলে জ্বালানো হয়। এরপর ওই মিশ্রণ সিসার তরল টেনে নেওয়ায় চান্দি অবশিষ্ট থাকে। ওই চান্দি থেকে এসিড দিয়ে সোনা বের করে তা বাজারে বিক্রি করা হয়। সোনা-রুপা বের করার পর অবশিষ্ট ‘ন্যাঞ্জর’ ঢেঁকিতে গুঁড়ো করে আগুন দিয়ে গেলে সিসা বের করা হয়। যশোর জুয়েলারি সমিতির সহসভাপতি কুমার সঞ্জয় চন্দ্র বলেন, ফেলনা আবর্জনা থেকে এভাবে সোনা-রুপার মতো মূল্যবান ধাতু উদ্ধার করে দেশের খনিজ সম্পদকে সমৃদ্ধ করা হচ্ছে।এ ব্যাপারে যশোর ক্ষুদ্র শিল্প করপোরেশনের (বিসিক) উপমহাব্যবস্থাপক আসাদুজ্জামান খান বলেন, শিল্পের জন্য সরকারি সহায়তার ব্যবস্থা আছে। বেজপাড়ার এসব মানুষের সোনা-রুপা আহরণের কাজটি যদি বিসিকের আওতায় থাকে, তাহলে তাঁদের আর্থিক সহায়তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।