ছাইচাপা আগুনে পুড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলতে খেলতে স্কুলের মাঠে রাখা ছাইয়ের গাদায় পড়ে যায় শিশুটি। গাদায় ছিল ছাইচাপা আগুন। ওই আগুনে পুড়ে দগ্ধ হয় তার শরীর। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি। আজ মঙ্গলবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে শিশুটি। শিশুটির নাম সাকিবুর রহমান (৬)। সে খুলনার ডুমুরিয়ার সাহস মাঠেরহাট প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল। স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী জানায়, ডুমুরিয়া-বানিয়াখালী সড়ক মেরামতের জন্য সাহস মাঠেরহাট প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঠিকাদারেরা কয়েকটি চুলা তৈরি করে পিচ (বিটুমিন) গলানোর কাজ করছে। চুলার ছাই ও আগুন স্কুলের মাঠে স্তূপ করে রেখেছেন ঠিকাদারের কর্মীরা। সকাল সাড়ে আটটার দিকে স্কুলের শিক্ষার্থীরা প্রতিদিনের মতো মাঠে দৌড়াদৌড়ি করতে থাকে। সাকিবুর খেলতে খেলতে মাঠে রাখা একটি ছাইয়ের গাদায় উঠে পড়ে। সঙ্গে সঙ্গে ছাইয়ের গাদায় দেবে যায় সে। ছাইয়ের গাদার ভেতরে থাকা আগুনে তার শরীর পুড়তে থাকে। খেলার সঙ্গী ও সহপাঠীরা শিক্ষকদের ঘটনা জানায়। স্কুলের শিক্ষকেরা সাকিবুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল সোয়া ১০টার দিকে মারা যায় সাকিবুর। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা অনিরুদ্ধ সরদার বলেন, শিশুটির শরীরের ৯৮ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে ওই স্কুলের শিক্ষক মঞ্জুরা আকতার বলেন, ‘স্কুলের মাঠে মালামাল না রাখতে ঠিকাদারদের আগেই বলেছিলাম। তাঁদের অসচেতনতার কারণে আজ একজন শিশুকে পুড়ে মরতে হলো।’ ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান বলেন, ‘কিছুক্ষণ আগে শুনেছি, স্কুলের সামনে রাখা ছাইয়ের আগুনে পুড়ে শিশুর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’