ছাড়া পেলেন ফখরুল-খোকা-আলতাফ (ভিডিও)
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ গতকাল আটক করা শীর্ষস্থানীয় তিন নেতাকে আজ মঙ্গলবার ছেড়ে দিয়েছে পুলিশ। এই তিন নেতা হলেন: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী।আজ দুপুর একটার দিকে এই তিন নেতা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন। দুপুর সোয়া একটার দিকে মির্জা ফখরুল সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছিলেন, ওই সময় কেন্দ্রীয় কার্যালয়ের কাছে একটি ককটেল বিস্ফোরিত হয়। গতকাল দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়ার আধা ঘণ্টার মধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে পড়ে পুলিশ। সেখান থেকে তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাদেক হোসেন খোকা, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, মো. শাজাহান, রুহুল কবির রিজভী, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে ধরে নিয়ে যায়।১৮-দলীয় জোট গতকাল বিকেলে বিক্ষোভ সমাবেশ শেষে আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয়। রাতে বিএনপির স্থায়ী কমিটি ও ১৮-দলীয় জোটের নেতাদের সঙ্গে বিএনপির চেয়ারপারসনের বৈঠক শেষে জানানো হয়, বৃহস্পতিবারের মধ্যে নেতাদের মুক্তি দেওয়া না হলে ১৮ ও ১৯ মার্চ দেশব্যাপী হরতাল দেওয়া হবে।