ছাতকে দুই ঘণ্টার জন্য ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক শহরে গতকাল রোববার রাতে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ শতাধিক লোক আহত হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। পরে প্রশাসন দুই ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে সাতটায় দিকে পৌর শহরের চরেরবন্দ ও ইসলামপুর ইউনিয়নের গণেশপুর গ্রামের দুই যুবকের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথাকাটাকাটি হয়। এর জের ধরে দুই গ্রামের মানুষ শহরের খেয়াঘাট এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘণ্টা এ সংঘর্ষ চলে। এতে ছাতক থানার ১২ পুলিশসহ উভয়পক্ষের শতাধিক লোক আহত হয়। সংঘর্ষে থামাতে পুলিশ তিনটি কাঁদানে গ্যাসের শেল এবং ৬৯টি ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে পুলিশ বাজারের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষকে শান্ত হতে বলে। এর পরও পরিস্থিতি শান্ত না হলে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার রায় ঘটনাস্থলে গিয়ে ১৪৪ ধারা জারি করেন। এই ১৪৪ ধারা রাত সাড়ে আটটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত বহাল ছিল।পুলিশ জানায়, সংঘর্ষে আহত পুলিশেরা প্রাথমিক চিকিত্সা নিয়েছে। সংঘর্ষে আহত ১৫ জনকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিত্সা নিয়েছে। ছাতক শহরে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করি। এখন পরিস্থিতি শান্ত। থানায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার রায় জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই ওই এলাকায় রোববার রাতে দুই ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছিল।