ছাতকে মাদ্রাসা মাঠে ১৪৪ ধারা
সুনামগঞ্জের ছাতকের মুক্তিরগাঁও হাফিজিয়া মাদ্রাসা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ সোমবার বেলা দুইটা থেকে রাত ১২টা পর্যন্ত এটি বলবত্ থাকবে। ওই মাদ্রাসার মাঠে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় এই ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।পুলিশ জানায়, ছাতক উপজেলার মুক্তিরগাঁও হাফিজিয়া মাদ্রাসার মাঠে আজ বিকেল থেকে ওয়াজ মাহফিলের আয়োজন করে গ্রামের কিছু লোক। সকালে ওই মাহফিল বন্ধের জন্য মাদ্রাসা কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করা হয়।এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে আজ দুইটা থেকে রাত ১২টা পর্যন্ত মাদ্রাসা এলাকায় ১৪৪ ধারা জারি করেন ইউএনও সুজিত কুমার রায়।ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি বলেন, ‘মাহফিল নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’