ছাতিমের গন্ধমাখা রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর আশ্বিনের প্রায় শেষ দিকে এক সন্ধ্যায় তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে প্রবেশ করতেই ছাতিমের তীব্র গন্ধ নেশায় আচ্ছন্ন করল। একটি মাত্র গাছ এই বিশাল প্রাঙ্গণ মাতিয়ে রেখেছে।কর্তৃপক্ষকে ধন্যবাদ, অনেক অসুবিধা মেনেই তারা গাছটি রেখে দিয়েছে। ভাগ্যিস, এই নগরে ছাতিম এখনো দুর্লভ হয়ে ওঠেনি। রাতে পথ চলতে চলতে হঠাৎ হৈমন্তী বাতাসে ছাতিমের উদ্দাম গন্ধপ্রবাহ আপনাকে ব্যাকুল করতে পারে। তবে ছাতিমের গন্ধ চেনা না থাকলে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, এই মৌসুমে কাছাকাছি গন্ধের শিউলি ও হাসনাহেনাও ফোটে। শ্যামলী নিসর্গ গ্রন্থে অধ্যাপক দ্বিজেন শর্মা লিখেছেন, ‘ছাতিমই বোধ হয় একমাত্র বৃক্ষ, যে হেমন্তের অঙ্গনে দাঁড়িয়ে প্রস্ফুটন আর সুগন্ধের প্লাবনে এই দুরন্ত শীতকে অভ্যর্থনা জানায়। প্রস্ফুটনের এমন অবারিত উচ্ছ্বাস, ফুলের অক্লান্ত নির্ঝর এবং দূরবাহী প্রবল উগ্র গন্ধের ঐশ্বর্য আর কোনো হৈমন্তী তরুরই নেই।’ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক গ্রন্থেও ছাতিমের উল্লেখ করেছেন, ‘কিছু দূর উঠতেই কিসের মধুর সুবাসে মনপ্রাণ মাতিয়া উঠিল। গন্ধটা অত্যন্ত পরিচিত...চারিদিকে চাহিয়া দেখি ধনঝরি পাহাড়ে যে এত ছাতিম গাছ আছে তাহা পূর্বে লক্ষ্য করি নাই। এখন প্রথম হেমন্তে ছাতিম গাছে ফুল ধরিয়াছে, তাহারই সুবাস। ... ছাতিম ফুলের সুবাস আরও ঘন হইয়া উঠিল, ছায়া গাঢ় হইয়া নামিল শৈলসানুর বনস্থলীতে.....ভানুমতী একগুচ্ছ ছাতিম ফুল পাড়িয়া খোঁপায় গুঁজিল’ (পৃ. ১৩৯)।ঢাকায় বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি ছাতিম গাছ চোখে পড়লেও নির্দিষ্ট করে দেখতে হলে যেতে হবে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, চামেলী হাউস ও আবদুল গণি রোডে।তবে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধের এই নগরে বিক্ষিপ্তভাবে আরও অনেক ছাতিম থাকা প্রয়োজন। কারণ, ছাতিমের শৈল্পিক গড়ন ও ছায়া নান্দনিক নিসর্গ নির্মাণে যেমন দরকারি, তেমনি ফুলের তীব্র গন্ধ নগরবাসীকে কিছুটা হলেও স্বস্তিতে রাখবে। বাক্স-প্যাকিং ও দেশলাইয়ের কাজে ব্যবহার্য হওয়ায় গ্রামে শিমুল গাছের মতো এই গাছও প্রচুর পরিমাণে কাটা পড়ছে।ছাতিমের (Alstonia scholaris) আকার ও গড়নের কিছু বৈশিষ্ট্য বিশেষভাবে লক্ষণীয়। সরল উন্নত কাণ্ড কিছুদূর ওপরে হঠাৎ শাখা-প্রশাখার একটি ঢাকনা সৃষ্টি করে আবার এক লাফে একে ছাড়িয়ে অনেক দূর উঠে যায় এবং এমনি পত্রঘন কয়েকটি চন্দ্রাতপের স্তর সৃষ্টি করে। বৈশিষ্ট্যটি কেবল শাখায়নেই নয়, কাণ্ডের ওপর ঘূর্ণিত পত্রবিন্যাসেও প্রতিফলিত। এসব কারণে অনেক দূর থেকেই ছাতিম গাছ শনাক্ত করা যায়। ১৫ থেকে ২০ মিটার উঁচু, চিরসবুজ দুধকষভরা সুশ্রী গাছ। ডালের গ্রন্থি থেকে চারদিকে চার থেকে সাতটি পাতা থাকে। পাতা প্রায় ১৮ সেন্টিমিটার লম্বা, মসৃণ, ওপর উজ্জ্বল সবুজ, নিচ সাদাটে। শরতের শেষে সারা গাছ ভরে গুচ্ছবদ্ধভাবে তীব্রগন্ধি, সবুজ-সাদা ছোট ছোট ফুল ফোটে। ফল সজোড়, থোকায় থোকায় ঝুলে থাকে, সরু, ৩০ থেকে ৫০ সেন্টিমিটার লম্বা, প্রথমে সবুজ, পরে ঈষৎ বাদামি রং ধারণ করে। আদি আবাস ভারত, চীন ও মালয়েশিয়া। A. macrophylla জাতের ছোট ছাতিম বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জন্মে। ফুল সাদা ও আকারে কিছুটা বড়। কাঠ সাধারণ আসবাবে ব্যবহার্য এবং উৎকৃষ্ট জ্বালানি। গাছের ছাল ও আঠা জ্বর এবং হূদেরাগ, হাঁপানি, ক্ষত, আমাশয় ও কুষ্ঠে উপকারী। এই অঞ্চলে ছাতিম পবিত্রতার প্রতীক হলেও ইংরেজি নাম ডেভিলস ট্রি, মানে অশুভ আত্মা বা শয়তানের বৃক্ষ কেন হলো, তা বলা মুশকিল।