সাড়ে ১২ হাজার শিক্ষার্থীর জন্য ৯৫ জন শিক্ষক। শ্রেণীকক্ষ আছে মাত্র ৩২টি। একমাত্র ছাত্রাবাসটির একাংশ দুই দশকের বেশি সময় ধরে বেদখলে। জরাজীর্ণ ওই ভবনে ঝুঁকি নিয়ে বাস করছেন কয়েকজন ছাত্র। শিক্ষার্থীদের জন্য নেই কোনো পরিবহন-সুবিধা।এ ধরনের নানা সমস্যায় জর্জরিত পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ। ১৮৭৪ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।কলেজটিতে গড়ে ১৩২ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক আছেন মাত্র একজন। এ প্রতিষ্ঠানে ১৬টি বিষয়ে স্নাতক সম্মান কোর্স চালু আছে। এ ছাড়া রয়েছে উচ্চমাধ্যমিক ও ডিগ্রি কোর্স। প্রতিটি বিভাগে গড়ে শিক্ষক রয়েছেন পাঁচজন।জানা গেছে, কলেজটিতে অনুমোদিত পদে কর্মরত আছেন ৮৩ জন শিক্ষক। শূন্য আছে আরও তিনটি পদ। এ ছাড়া সংযুক্ত শিক্ষক আছেন ১২ জন। শিক্ষক-সংকটের কারণে স্নাতক পর্যায়ে দিনে দুটির বেশি ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। একই অবস্থা উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পর্যায়েও।বিষয়টি স্বীকার করে কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, শিক্ষক-সংকটের কারণে বিভিন্ন বিভাগে নিয়মিত ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আরও অন্তত ৭২ জন শিক্ষক প্রয়োজন।নেই যথেষ্ট শ্রেণীকক্ষ: কলেজে মোট শ্রেণীকক্ষ আছে ৩২টি। শিক্ষকদের কয়েকজন জানান, যতগুলো কোর্স ও বর্ষ রয়েছে, তাতে এর প্রায় দ্বিগুণ শ্রেণীকক্ষ থাকা দরকার। অধিকাংশ বিভাগের স্বতন্ত্র শ্রেণীকক্ষ নেই। ফলে অনেক সময় সমন্বয়ের মাধ্যমে শ্রেণীকক্ষ ভাগাভাগি করে ব্যবহার করতে হয়।কলেজের ছাত্র দিনার আরিফ অভিযোগ করে বলেন, ‘শ্রেণীকক্ষের সমস্যার কারণে প্রায়ই আমাদের ক্লাস হয় না। শিক্ষকেরা কখনোই নির্দিষ্ট সময়ে কোর্স শেষ করতে পারেন না।’ইংরেজি বিভাগের চেয়ারম্যান নুরুর রহমান প্রথম আলোকে জানান, শ্রেণীকক্ষের সংকট দূর করতে শিগগির নতুন ভবন তৈরি করা প্রয়োজন। অনেক বিভাগেই নিয়মিত ক্লাস হচ্ছে না।এ ছাড়া পুরোনো জরাজীর্ণ একাধিক ভবনে আতঙ্ক নিয়ে ক্লাস করেন শিক্ষার্থীরা। ভবনগুলোর অনেক জায়গায় ফাটল ধরেছে। কোনো কোনো ভবনের পলেস্তারাও খসে পড়েছে।সরেজমিনে দেখা গেছে, কলেজটির তিন একর জমির ওপর একটি ইসলামিয়া সরকারি হাইস্কুল রয়েছে। স্কুলের একাডেমিক কার্যক্রম ও শ্রেণীকক্ষ হিসেবে কলেজের পূর্ব পাশের ভবনটির নিচতলা ব্যবহার করা হয়। উপাধ্যক্ষ বলেন, ‘আমরা স্কুলটি এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য জেলা পরিষদের কাছে একাধিকবার আবেদন করেও ফল পাইনি।’একমাত্র ছাত্রাবাসটি বেদখলে: পুরান ঢাকার ৩ নম্বর মোহিনী মোহন লেনে কলেজের একমাত্র ‘শহীদ সামসুল আলম ছাত্রাবাস’টির একাংশ ২১ বছর ধরে বেদখলে আছে।জানা গেছে, ১৯৭২ সালে জেলা পরিষদ থেকে লিজ নিয়ে অর্পিত সম্পত্তিতে ছাত্রাবাসটি তৈরি হয়। ১৯৯০ সালের পর কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কয়েকজন সাবেক কর্মচারী জেলা পরিষদ থেকে লিজ নিয়ে ছাত্রাবাসটির একাংশ দখলে নেন। ২০ বছর ধরে চেষ্টা করেও আইনি জটিলতার কারণে ছাত্রাবাসটি দখলমুক্ত করতে পারছে না কর্তৃপক্ষ।গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, পুরোনো জরাজীর্ণ ছাত্রাবাসটিতে ৮০ জন শিক্ষার্থী ও ১০টি পরিবার বসবাস করছে। এর মধ্যে একটি পরিবার কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আছে বলে জানা গেছে।আল আমিন নামের একজন ছাত্র বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়েই এখানে বসবাস করছি। এ ছাড়া স্থানীয় বখাটে ছেলেরা ছাত্রাবাসের ছাদে বসে মদ-গাঁজা খায়। প্রশাসনকে জানালেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’পরিবহন-সুবিধা নেই: ১৩৬ বছরের পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী কারও জন্য পরিবহন-সুবিধা নেই।কলেজের একজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘ঢাকার একটি কলেজে পড়েও আমরা সবদিক থেকেই অবহেলিত। পরিবহনের কোনো ব্যবস্থা না থাকায় অধিকাংশ শিক্ষার্থীকেই দূর-দূরান্ত থেকে কষ্ট করে কলেজে আসতে হয়।’কলেজের কর্মচারী ইউসুফ মিয়া জানান, ঝুঁকি নিয়ে রিকশা কিংবা লোকাল বাসে পরীক্ষার খাতা আনা-নেওয়াসহ দাপ্তরিক অন্যান্য কাজ তাঁদের করতে হয়।রাজনীতিতে নাজেহাল: ভর্তি-বাণিজ্য ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে গত ২১ জুলাই কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। কমিটি বাতিলের পরও অনৈতিক কর্মকাণ্ড কমেনি বলে অভিযোগ পাওয়া গেছে।নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানান, নেতারা যখন-তখন তাঁদের মিছিল-মিটিংয়ে যেতে বাধ্য করেন। তাঁদের ডাকে সাড়া না দিলেই মার খেতে হয়। এমনকি ক্লাস চলার সময়ও মিছিল-মিটিংয়ের অজুহাতে শিক্ষকদের ক্লাস সংক্ষিপ্ত করতে চাপ দেন ছাত্রলীগের নেতারা।কলেজ ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি মহিউদ্দিন সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের কখনো মিছিল-মিটিংয়ে আসার জন্য চাপ দেওয়া হয়নি।’অধ্যক্ষ যা বললেন: কলেজটির অধ্যক্ষ রওশন জাহান শিক্ষক ও ছাত্রাবাস-সংকটের কথা অস্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের কলেজে বড় কোনো সমস্যা নেই।’তবে শ্রেণীকক্ষ ও পরিবহন-সমস্যার বিষয়টি স্বীকার করে অধ্যক্ষ বলেন, ২০০৪-০৫ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান কোর্স চালু করা হয়। কিন্তু নতুন কোনো ভবন নির্মাণ করা হয়নি, এ কারণে শ্রেণীকক্ষের কিছুটা সংকট আছে। দাপ্তরিক কাজের জন্য গাড়ি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানান অধ্যক্ষ।