চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. আসাদুজ্জামানকে হত্যা করার ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বন ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আল আমীনকে প্রধান করে গঠিত এ কমিটিকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিশেষ জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়।এদিকে আসাদের মৃত্যুর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ শনিবার থেকে তিন দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস বা পরীক্ষা হয়নি। তবে প্রশাসনিক কার্যক্রম চলছে। এই তিন দিন শাটল ট্রেনও বন্ধ থাকবে। ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এরশাদ হোসেন জানান, আসাদ হত্যার প্রতিবাদে আগামী মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করা হবে।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্র ও বাংলাদেশ ছাত্রলীগের কর্মী আসাদকে সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন চত্বরে উপর্যুপরি ছুরিকাঘাত করে। গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।