চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রদলের কর্মী আবিদুর রহমান খুনের ঘটনায় ছাত্র সংসদ ও কলেজ ছাত্রলীগের ২২ নেতা-কর্মীকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। গতকাল শনিবার সকালে নিহত শিক্ষার্থীর মামা নেয়ামত উল্লাহ বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় মামলাটি করেন।ছাত্রলীগের এই ২২ নেতা-কর্মীর মধ্যে ছাত্র সংসদের সহসভাপতি মফিজুর রহমান ওরফে জুম্মান, সাধারণ সম্পাদক হিমেল চাকমা, সহসাধারণ সম্পাদক বিজয় সরকার, সাংস্কৃতিক সম্পাদক রাফসান, কলেজ ছাত্রলীগের সভাপতি উপল চাকমা, সাধারণ সম্পাদক সোহেল পারভেজ সুমন, সহসাধারণ সম্পাদক শান্ত দেবনাথ অন্যতম। তবে এই মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলার কথা নিশ্চিত করে পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আবদুল মান্নান বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর মধ্যে অনেকে পলাতক রয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’আবিদের দুলাভাই মো. সোহেল বলেন, ‘আমরা মামলা করেছি। পুলিশ এক সপ্তাহের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার আশ্বাস দিয়েছে।’প্রসঙ্গত, গত বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র সংসদে আবিদুর রহমানসহ চার ছাত্রদলের কর্মীকে ছাত্রলীগের নেতারা বেধড়ক মারধর করেন বলে অভিযোগ রয়েছে। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় আবিদুর রহমান মারা যান। এ ঘটনার জের ধরে শনিবার চমেক একাডেমিক কাউন্সিল জরুরি বৈঠক করে কলেজ বন্ধ ঘোষণা করে। এ ছাড়া ক্যাম্পাসে ছাত্ররাজনীতি ও ছাত্র সংসদের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।