ছাত্র জোটের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে (২০১১-১২) প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার ফরমের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনরত প্রগতিশীল ছাত্র জোটের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীসহ ছাত্র জোটের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।আজ বুধবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভর্তি ফরমের মূল্য বৃদ্ধিসহ আবাসিক হলের সিট ভাড়া বৃদ্ধির প্রতিবাদে চারদিন ধরে প্রগতিশীল ছাত্র জোটের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিভিন্ন আন্দোলন-কর্মসূচি পালন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে প্রগতিশীল ছাত্র জোটের নেতা-কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। আন্দোলনকারীরা এ সময় ক্ষিপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুর করলে ছাত্রলীগের কর্মী মাসুদ ওরফে ভাগ্নে মাসুদের নেতৃত্বে ১০-১৫ জন বহিরাগত ছাত্র জোটের নেতা-কর্মীদের ওপর ইট-পাটকেল দিয়ে হামলা চালান। এ হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আহসান হাবীব ও বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত ছাত্ররা বিশ্ববিদ্যালয় চিকিত্সাকেন্দ্রসহ নগরের বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা নিয়েছেন বলে জানা গেছে।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিপন আহমেদ বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবি নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। ছাত্রলীগের ক্যাডাররা এ আন্দোলনে হামলা চালিয়েছে, যা দুঃখজনক ও নিন্দনীয়।’ তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানান।ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহমেদ আলী ও সাধারণ সম্পাদক আবু হুসাইন দাবি করেন, এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। তাঁরা বলেন, আন্দোলনের নামে ক্যাম্পাসকে কেউ অস্থিতিশীল করার চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীরা তা কোনোভাবেই মেনে নেবেন না।চলতি শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘এইচ’ ও ‘জি’ ইউনিটের ফরমের মূল্য ৩৮৫ টাকা থেকে বাড়িয়ে ৬০৫ টাকা, ‘এফ-২’ ইউনিটের মূল্য ২২০ টাকা থেকে বাড়িয়ে ৪৪০ টাকা, ‘এফ-১’ ইউনিটের মূল্য ২২০ টাকা থেকে বাড়িয়ে ৩৫৭ টাকা, ‘ই’ ইউনিটের মূল্য ৩৩০ টাকা থেকে বাড়িয়ে ৯৩৫ টাকা, ‘ডি’ ইউনিটের মূল্য ৩৩০ টাকা থেকে বাড়িয়ে ৫২২ দশমিক ৫০ টাকা, ‘সি’ ইউনিটের মূল্য ৬৬০ টাকা থেকে বাড়িয়ে ৮৫২ দশমিক ৫০ টাকা, ‘বি’ ইউনিটের মূল্য ১৬৫ টাকা থেকে বাড়িয়ে ২৭৫ টাকা, ‘এ-১’, ‘এ-২’, ‘এ-৫’ ইউনিটের মূল্য ২৬৫ টাকা করে থেকে বাড়িয়ে ২৭৫ টাকা এবং ‘এ-৪’ এবং ‘এ-৬’ ইউনিটের মূল্য ২২০ টাকা থেকে বাড়িয়ে ৩৫৭ টাকা করা হয়েছে।