ছাত্র নিহত, ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ
চার ঘণ্টা পর বেলা সোয়া ১১টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজ রোববার সকাল ছয়টার দিকে ট্রাকচাপায় হায়দার আলী শেখ নামের এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় শিক্ষার্থী ও এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেন। হায়দার কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র ছিল। তার বাবার নাম মানিক মোল্লা। স্থানীয় লোকজন জানান, কাশিয়ানীর মাজরা এলাকায় সকাল ছয়টার দিকে জাহিদ মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিল। এ সময় পেছন থেকে একটি ট্রাক এসে তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হায়দারের মৃত্যুর খবর কলেজে ছড়িয়ে পড়লে ওই কলেজের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে এলাকাবাসীর সঙ্গে যোগ দেয়। তারা টায়ার জ্বালিয়ে সকাল নয়টা থেকে মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে মহাসড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে গোপালগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে রাস্তা থেকে অবরোধকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। কলেজছাত্র তৌহিদুর রহমান জানায়, হায়দারের হত্যার বিচারের দাবিতে তারা মহাসড়ক অবরোধ করে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, এলাকাবাসী ট্রাকচালককে আটক করে মারধর করে। পরে পুলিশ তাঁকে থানায় নিয়ে আসে।