ছাত্র নিহতের ঘটনায় শাহবাগ এলাকায় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌহিদুজ্জামান আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রাস্তা পার হওয়ার সময় রাজধানী এক্সপ্রেসের একটি বাস তাঁকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার পর শাহবাগ মোড় এলাকায় ব্যাপক ভাঙচুর চালিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাঁরা এ সময় কয়েকটি বাস ভাঙচুর করেছেন এবং আগুন ধরিয়ে দিয়েছেন। তাঁরা পুলিশ বক্সেও আগুন ধরিয়ে দেন। যান চলাচল বন্ধ থাকায় শাহবাগের আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, তৌহিদুজ্জামান ও তাঁর বন্ধু একই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ফয়সাল রাস্তা পার হচ্ছিলেন। এ সময় রাজধানী এক্সপ্রেসের একটি বাস তাঁদেরকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তৌহিদুজ্জামানকে গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। দুর্ঘটনায় ফয়সালও আহত হয়েছেন। তৌহিদুজ্জামান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ২০৮ নম্বর কক্ষে থাকতেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জে। ছাত্রলীগের বঙ্গবন্ধু হল শাখার সাধারণ সম্পাদক শেখ নবীরুজ্জামান প্রথম আলো ডটকমকে জানান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের অনুষ্ঠান ছিল। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেন। ওই অনুষ্ঠান শেষে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারান তৌহিদুজ্জামান। তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন বলে নবীরুজ্জামান জানান।