ছাত্র-পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ, ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা বর্ষবরণের দিন স্থানীয়দের সঙ্গে ছাত্রদের কথাকাটাকাটির জের ধরে গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র, এলাকাবাসী ও পুলিশ—ত্রিমুখী সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাত সাড়ে ১০টা থেকে রাত দেড়টা পর্যন্ত দফায় দফায় চলতে থাকে এ সংঘর্ষ। এ ঘটনায় গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. আসাদ আজ শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। ওই ঘটনায় আহত হন বিশ্ববিদ্যালয়ের আরও চার ছাত্র। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ পাঁচজনকে আটক করেছে।আসাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তা অবরোধ ও গাড়ি ভাঙচুর করে। ক্যাম্পাসেও উত্তেজনা বিরাজ করছে। এর আগে আজ সকালে এলাকাবাসী বিশ্ববিদ্যালয়ের এক নম্বর সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এর ফলে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অন্যান্য এলাকার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের তিন দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের শেষ দিনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণের অনুষ্ঠানে স্থানীয় কয়েকজনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কথাকাটাকাটি হয়। এর জের ধরে গতকাল রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে অপেক্ষমাণ হিসাববিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. আসাদকে পিটিয়ে গুরুতর জখম করে একদল স্থানীয় লোক। তাঁকে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ছাত্ররা সংগঠিত হয়ে বিশ্ববিদ্যালয় এলাকার জোবরা গ্রামে যায়। এ সময় পুলিশ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে গেলে ছাত্র, পুলিশ ও গ্রামবাসী—ত্রিমুখী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মেহেরাব, ফজলে রাব্বি, অমিত বসু ও লিটন মিত্র নামের চারজন ছাত্র আহত হন।পুলিশের হাতে এই চার ছাত্র আহত হয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দাবি করছেন। তাঁরা জানান, মেহেরাব ও ফজলে রাব্বিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় দায়িত্বরত পুলিশের পরিদর্শক মো. আলাউদ্দিন বলেছেন, যথাসময়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ায় বড় ধরনের সংঘর্ষ এড়ানো গেছে। তবে তিনি পুলিশের হাতে ছাত্র আহত হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।