ছাত্র-পুলিশ সংঘর্ষ, ভাঙচুর ও সড়ক অবরোধ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাকচাপায় সরিষাবাড়ীর পুগলদিঘা মহাবিদ্যালয়ের প্রভাষক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে কলেজ কর্তৃপক্ষের দেওয়া তিন দিনের অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো সরিষাবাড়ী-ঢাকা প্রধান সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনার জের ধরে ছাত্র-পুলিশ সংঘর্ষ ও ভাঙচুর চলছে।পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পুগলদিঘা মহাবিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ফেরদৌসি খাতুনের মৃত্যুর পর ওই ট্রাকচালককে গ্রেপ্তারের দাবিতে তিন দিনের অবরোধ কর্মসূচি দেয় কলেজ কর্তৃপক্ষ। এ কর্মসূচির দ্বিতীয় দিনে আজ সকাল ছয়টা থেকে সরিষাবাড়ী-ঢাকা প্রধান সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ওই সড়ক দিয়ে সাধারণ পথচারীদেরও হাঁটতে দিচ্ছে না ছাত্ররা। কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর ১২টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।এদিকে, আজ সকাল থেকেই পুলিশ ও কলেজ ছাত্রদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটছে। সংঘর্ষে পুলিশের লাঠিপেটায় ছয়জন ছাত্র আহত হয়। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্ররা ১০টি অটোরিকশা ও পাঁচটি দোকান পুড়িয়ে দেয়।এ ব্যাপারে সড়িষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কামরুল আহসান প্রথম আলো অনলাইনকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই ছাত্রদের লাঠিপেটা করা হয়। কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বলেন, ট্রাকচালক আটক না হওয়া পর্যন্ত তাঁদের অবরোধ অব্যাহত থাকবে।প্রসঙ্গত, গতকাল বুধবার সকাল সাড়ে সাতটার দিকে ছেলেমেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় যমুনা সার কারখানার পাশে চেচিয়াবাধা এলাকায় ট্রাকের ধাক্কায় ফেরদৌসি খাতুনের মৃত্যু হয়। ঘটনার প্রতিবাদে গতকাল দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত সড়ক অবরোধ রাখে ছাত্ররা। এ ব্যাপারে এখনো থানায় মামলা হয়নি। পুলিশ মামলা নিচ্ছে না বলে নিহতের স্বজনেরা দাবি করছেন।