মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পরিবহনশ্রমিকদের সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বাস ভাড়া নিয়ে কথাকাটাকাটির জের ধরে গতকাল মঙ্গলবার এই সংঘর্ষ হয়। আহত ৩৭ জনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা ও ফরিদপুরে পাঠানো হয়েছে।খবর পেয়ে দাঙ্গা পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবার সংঘর্ষের আশঙ্কায় মাদারীপুর শহরে পুলিশ মোতায়েন রয়েছে। কলেজ দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।পুলিশ, শিক্ষার্থী ও শ্রমিক সূত্রে জানা গেছে, গতকাল সকালে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন মাদারীপুর শহরের খাগদী এলাকা থেকে বাসযোগে কলেজে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ভাড়া নিয়ে বাসশ্রমিকদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শ্রমিকেরা তাঁকে বেদম মারধর করে। এ খবর ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীরা কলেজের সামনে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে চারটি গাড়ি ভাঙচুর করেন।পরে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে পরিবহনমালিক-শ্রমিক নেতারা ও ছাত্রনেতারা বিষয়টি সমঝোতার জন্য কলেজের ফটকে আলোচনায় বসেন। বৈঠকে উভয় পক্ষে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। কিছুক্ষণের মধ্যে শ্রমিকেরা লাঠি-সড়কি, ঢাল ও রামদা নিয়ে কলেজ ক্যাম্পাসে ঢোকে। এ সময় উভয় পক্ষে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। খবর পেয়ে মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) সরদার তমিজউদ্দিন আহমেদ দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে আসেন। সঙ্গে সঙ্গে দাঙ্গা পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছায়। টিয়ারশেল ও লাঠিপেটা করে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।মাদারীপুর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ফখরুল আমিন জানান, ৩৭ জনকে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য চারজনকে ঢাকা ও ফরিদপুরে পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে সাতজনকে।এর আগে সকাল থেকেই শ্রমিকেরা মাদারীপুর-শরীয়তপুর সড়কের আট-দশটি স্থানে গাড়ি রেখে ও টায়ার জ্বালিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়।কলেজ ছাত্র সংসদের ভিপি শাহাদাতুল্লাহ সরদার জানান, এর আগে প্রশাসনের উপস্থিতিতে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক বাস ভাড়া নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়। কিন্তু পরিবহনশ্রমিকেরা তা না মেনে বিভিন্ন সময় শিক্ষার্থীদের মারধর করেছে। আজ সাজ্জাদকে মারধর করা হয়। বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলে উল্টো শ্রমিকেরা ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসম্পাদক মোশারফ হোসেন মাতুব্বর দাবি করেন, সংঘর্ষে ৩০ শ্রমিক আহত হয়েছে। তিনি অভিযোগ করেন, ছাত্ররা নানা অজুহাতে মাঝেমধ্যেই শ্রমিকদের সঙ্গে বাজে ব্যবহার করেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেবুন নাহার জানান, ঘটনায় দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সর্দার জানান, পুলিশ প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরে দাঙ্গা পুলিশ ও র্যাবের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়েছে। শ্রমিকেরা গ্রেপ্তারের ভয়ে হাসপাতালে যাচ্ছে না বলে জানা গেছে। এ ঘটনায় এখন কোনো মামলা হয়নি। শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে।