ছাত্র রাজনীতির নামে গুন্ডামি বন্ধ করতে হবে: সৈয়দ আশরাফ
স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘ছাত্ররাজনীতির নামে গুন্ডামি বন্ধ করতে হবে। এসব বন্ধ না করলে তিনি যে-ই হোন না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’আজ শুক্রবার সকালে আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সৈয়দ আশরাফ বলেন, ‘বাংলাদেশে ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে সরকার আরও সচেষ্ট হবে। আমরা এই দেশে ধর্মান্ধতা প্রশ্রয় দেব না। ধর্মীয় জঙ্গি যে-ই হোক না কেন, তাকে কঠোর হাতে দমন করা হবে।’ ধর্মের নামে কোনো হানাহানি, মারামারি, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সবাইকে সতর্ক করে দেন। বিএনপির সংসদে না যাওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তাঁরা তো সংসদে যাচ্ছেন। তাঁরা সংসদীয় কমিটিগুলোতেও আসছেন। সংসদীয় দলের হয়ে বিদেশ ভ্রমণও করছেন।’ তিনি উপস্থিত সাংবাদিকদের প্রশ্ন করেন, ‘বিরোধীদলীয় কোনো সাংসদ আজ পর্যন্ত বলেছেন কি যে, সংসদে আমাদের একটা আসন কম দিয়েছে বলে আমি সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হয়ে জাতিসংঘে যাব না? কিংবা আমি এ মাসের বেতন নিইনি? তাঁরা কি শুল্কমুক্ত গাড়ির জন্য সরকারের কাছে তদবির করছেন না?’ তিনি দাবি করেন, ‘আমাদের মন্ত্রণালয় প্রত্যেক সাংসদকে ১৫ কোটি টাকা দিয়েছে। কোনো বিএনপি সাংসদ কি বলেছেন যে, আমি ১৫ কোটি টাকা প্রত্যাখ্যান করলাম? আসছে না কোথায় ওনারা? আসছেন না শুধু যেখানে সার্কাস হয়, সেখানে।’সৈয়দ আশরাফ দাবি করেন, পত্রপত্রিকায় যে জরিপ হয়েছে, তা বর্তমান সরকারের সফলতার একটি অন্যতম প্রধান সূচক। গত নির্বাচনে আওয়ামী লীগ ৪৮ শতাংশ ভোট পেয়েছিল। বর্তমান জরিপে এখন নির্বাচন হলে জনগণ কাকে ভোট দেবে, এমন একটি প্রশ্নে পাঠক আওয়ামী লীগের পক্ষে ৫৬ শতাংশ ভোট দিয়েছে। এতেই বোঝা যায়, আওয়ামী লীগের পক্ষে জনসমর্থন বেড়েছে। তিনি বলেন, ‘সাফল্যে আমরা আত্মহারা হইনি। এই জনসমর্থনকে ধরেই আমরা আগামী চার বছর সরকার পরিচালনা করব।’পত্রিকায় জরিপের পাশাপাশি দলের নিজস্ব কোনো জরিপ হয়েছে কি না, জানতে চাইলে সৈয়দ আশরাফ জানান, তাঁদের দলীয় জরিপের সঙ্গে পত্রিকার জরিপের ফলাফলের মিল রয়েছে। তিনি জানান, গত নির্বাচনে বিএনপি ৩২ দশমিক ৪৫ শতাংশ ভোট পেয়েছিল। এ জরিপে এই হার ২৫ শতাংশে নেমে এসেছে। এ ছাড়া জরিপে দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন এবং এশিয়ান হাইওয়ে তৈরির পক্ষেও পাঠক সমর্থন জানিয়েছে। এর মাধ্যমে বোঝা যায়, জনগণ তাঁদের পক্ষে রায় দিয়েছে। এসব সাফল্যের কথা জরিপের তথ্যে বেরিয়ে এসেছে। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন গতকাল সরকার ব্যর্থ হয়েছে বলে যে মন্তব্য করেছেন, তা তিনি কোনো তথ্যের ভিত্তিতে বলেননি বলে সৈয়দ আশরাফ মন্তব্য করেন। তিনি বলেন, এ ধরনের মন্তব্য করা তাঁদের রাজনৈতিক সংস্কৃতির অংশ। দলীয়করণের ব্যাপারে জনগণ তাঁদের বিপক্ষে মত দিয়েছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বলিনি, আমরা সব ক্ষেত্রে শতভাগ সফল হয়েছি। যেগুলোতে সফল হইনি, সেগুলোতে সফল হওয়ার চেষ্টা করছি।’আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রতিবছর নির্বাচন কমিশনে মন্ত্রীদের সম্পদের হিসাব দেওয়ার কথা রয়েছে। তাঁরা এই হিসাব দিয়েছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আশরাফ বলেন, ‘নির্বাচন কমিশনে আমরা হিসাব জমা দিয়েছি। নির্বাচন কমিশন চাইলে তা জনগণের সামনে প্রকাশ করতে পারে। আমরা আয়কর রিটার্নও জমা দিয়ে যাচ্ছি।’দলের পক্ষ থেকে বর্তমান সরকারের এক বছরের কর্মকাণ্ডের মূল্যায়ন করে উত্তরণ নামে একটি বইয়ের মোড়ক আজ উন্মোচন করা হয়।