ছাত্র-শিক্ষক নির্যাতনের ঘটনা তদন্তে সংসদীয় উপকমিটি গঠন
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে ছাত্র ও শিক্ষক নির্যাতনের ঘটনার অধিকতর তদন্তের জন্য চার সদস্যের একটি সংসদীয় উপকমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ তদন্ত কমিটি গঠন করা হয়।চার সদস্যের এ কমিটিতে কমিটির সভাপতি রাশেদ খান মেননকেই আহ্বায়ক করা হয়েছে। অন্য সদস্যরা হলেন শাহ আলম, মির্জা আজম ও বীরেন শিকদার।এ কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই সময়ের বিক্ষোভ চলাকালীন বিভিন্ন ভিডিও ফুটেজ ও ছবিসহ অন্যান্য তথ্য দেখে তদন্ত করবে। আগামী দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন সংসদে উত্থাপন করা হবে।সভায় জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুসারে ওই ঘটনায় ৬৬টি মামলা হয়েছিল। এর মধ্যে ৪৩টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছিল, ১৪টি মামলা সরকার কর্তৃক প্রত্যাহার করা হয়েছিল, সাতটি মামলা আদালত খালাস করে দিয়েছেন এবং রাজনৈতিক বিবেচনায় দুটি মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাহার করেছিল।বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে কমিটির সভাপতি রাশেদ খান মেনন জানান, সংসদীয় উপকমিটির প্রতিবেদন চূড়ান্ত হওয়ার পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।সভায় বাংলাদেশ টেক্সাইল বিশ্ববিদ্যালয় বিল-২০১০ চূড়ান্ত করা হয়।