ছাত্র-শিক্ষকের গাড়ির চাবি ছাত্রলীগের হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের বহনকারী গাড়ির চাবি আজ রোববার সকালে ছাত্রলীগের নেতা-কর্মীরা নিয়ে গেছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে যেতে পারেননি। নির্ধারিত ক্লাস, পরীক্ষা কিছুই হয়নি।ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের নেতা-কর্মীরা উল্টো ক্যাম্পাসের মূল ফটকের বাইরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে। তাদের দাবি, ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের কর্মীরা এমন কাজ করেছে। তারা ক্যাম্পাসের অচলাবস্থা দূর করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই পক্ষ ৮ জুলাইয়ের ঘটনায় তাদের যেসব নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তির দাবিতে শহরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের গাড়ির গ্যারেজের চাবি নিজেদের দখলে নিয়ে নেয়।বিশ্ববিদ্যালয়ের গাড়ির চালকেরা অভিযোগ করেন, আজ সকালে ছাত্রলীগের নেতা-কর্মী পরিচয়ে একদল ছাত্র এসে গ্যারেজে থাকা ২০-২৫টি গাড়ির প্রতিটির চাবি তাদেরকে দিয়ে দিতে বলে। না দিলে তারা গাড়ি ভাঙচুর করবে বলে হুমকি দেয়। এ অবস্থায় চালকেরা গাড়িগুলোর চাবি তাদের হাতে দিয়ে দেয়। গ্যারেজে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরসহ কর্মকর্তা ও শিক্ষকদের বহনকারী গাড়ি ছিল বলে তাঁরা জানান। শহরে গাড়ির জন্য অপেক্ষমাণ শিক্ষার্থীরা অভিযোগ করেন, শহর থেকে কোনো গাড়ি ক্যাম্পাসের দিকে যায়নি। তাই তাঁরা ক্যাম্পাসে যেতে পারেনি। তাঁদের অনেকেরই আজ পরীক্ষা ছিল। এসব পরীক্ষায়ও তাঁরা অংশ নিতে পারেননি। বিষয়টি নিয়ে তাঁরা চিন্তিত বলে জানান।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুব আরেফিন বলেন, ছাত্রলীগ নামধারী একদল ছাত্র বিশ্ববিদ্যালয়ের পরিবহন গ্যারেজে থাকা প্রতিটি গাড়ির চাবি নিয়ে গেছে বলে তিনি শুনেছেন।কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহাও বিষয়টি নিশ্চিত করেছেন।