ছাত্র সংগঠনগুলোকে নিয়মতান্ত্রিক আন্দোলনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের বৈঠক আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। গতকাল ছাত্রলীগের একাংশের অবরোধ কর্মসূচি এবং শাটল ট্রেন ও বাস ভাঙচুরের ঘটনার প্রেক্ষাপটে বৈঠকটি অনুষ্ঠিত হয়। উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোকে নিয়মতান্ত্রিক আন্দোলন করার আহ্বান জানানো হয়েছে।সিন্ডিকেট সদস্য মো. কামরুল হুদা জানান, সভায় বাস ভাঙচুর ও শাটল ট্রেনে হামলাসহ শিক্ষার্থীদের সব ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সিন্ডিকেটের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ লাগাতার অবরোধ কর্মসূচি দিলেও রাত নয়টার দিকে কর্তৃপক্ষের সঙ্গে ছাত্রলীগ নেতাদের বৈঠক হয় এবং নেতারা অবরোধ কর্মসূচি স্থগিত করেন। জানা গেছে, গতকাল অবরোধ চলাকালে সকাল পৌনে আটটায় নিউমার্কেট মোড়ে ও সোয়া আটটায় টাইগার পাস মোড়ে দুটি শিক্ষক বাস ভাঙচুর করা হয়। নগরের বালু ছড়া ও জিইসি মোড়ে অবরোধকারীরা তরী পরিবহনের দুটি বাস ভাঙচুর করে। অবরোধকারীরা বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে হামলা চালালে চালক উত্তম কুমার ভট্টাচার্য এবং সহকারী চালক ইসমাইল হোসেন আহত হন।