ছাত্র সংগঠনের নামে গুন্ডামি বরদাশত করা হবে না: সৈয়দ আশরাফ
স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ছাত্র সংগঠনের নামে গুন্ডামি বরদাশত করা হবে না। ছাত্রলীগ বা যেকোনো ছাত্র সংগঠনের নামে সন্ত্রাস হলে আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে। আজ মঙ্গলবার ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, বৈঠকে ১৪ দলকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করা নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী দেশে ফিরলে তাঁর সঙ্গে আলোচনা করে কীভাবে তা বাস্তবায়ন হবে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।সৈয়দ আশরাফ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূল হত্যাকারীকে চিহ্নিত করা হয়েছে এবং তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। যাঁরা এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন তাঁদের ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।’ তিনি অভিযোগ করেন, রাজশাহীতে যে ঘটনা, তা সম্পূর্ণ পরিকল্পিত। কয়েক দিন আগে নিজামী রাজশাহী সফর করে জনসভায় উসকানিমূলক বক্তব্য দিয়েছেন, হুমকি দিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেন তিনি।