ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ভাঙচুর, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল ব্রজমোহন কলেজে (বিএম) ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল, অধ্যক্ষের কক্ষ ও গাড়ি ভাঙচুর এবং সড়ক অবরোধ করেছেন।আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলেন। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ হলেও এর মূল নেতৃত্ব দেয় কলেজ ছাত্রলীগ।আজ ওই দাবি নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে অধ্যক্ষের কক্ষের দিকে যান। এ সময় পুলিশ তাঁদের বাধা দিলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছাত্রলীগের কর্মীদের লাঠিপেটা করে পুলিশ।পরে ছাত্রলীগের কর্মীরা কলেজের সামনের সড়ক কিছুক্ষণের জন্য অবরোধ করে রাখেন এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। অবরোধ শেষে পুলিশের বাধা অতিক্রম করে ছাত্রলীগের কর্মীরা দোতলায় উঠে অধ্যক্ষের কক্ষের বেশ কয়েকটি জানালা ভেঙে ফেলে অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখেন।এ সময় ছাত্রলীগের কর্মীরা অধ্যক্ষকে নির্বাচনের তফশিল ঘোষণা করার চাপ দেন। চাপের মুখে একপর্যায়ে অধ্যক্ষ মৌখিকভাবে ছাত্র সংসদ নির্বাচনের প্রতিশ্রুতি দেন। কিন্তু ছাত্রলীগের কর্মীরা মৌখিক প্রতিশ্রুতিতে রাজি না হয়ে অধ্যক্ষকে জোর করে এ-সংক্রান্ত প্রতিশ্রুতি সাদা কাগজে লিখে দিতে চাপ প্রয়োগ করেন। এতে অধ্যক্ষ সাদা কাগজে লিখে দিতে বাধ্য হন। পরে দুপুর সাড়ে ১২টা নাগাদ ছাত্রলীগের কর্মীরা অধ্যক্ষের কক্ষ ত্যাগ করেন।কলেজের অধ্যক্ষ ননী গোপাল দাস সাংবাদিকদের বলেন, ‘ঝুঁকিপূর্ণ পরিবেশে নির্বাচন করা সম্ভব নয়। এর পরও আমি স্টাফ কাউন্সিলের সভা করেছি এবং সর্বমহলের সঙ্গে আলোচনা করেছি। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে পারত। কিন্তু তারা অশোভন আচরণ করেছে এবং কক্ষের দরজা জানালা ভাঙচুর করেছে।’কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাহিদ সেরনিয়াবাত প্রথম আলোকে বলেন, ‘শুধু ছাত্রলীগের নয়, সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে অধ্যক্ষের সঙ্গে দেখা করতে যেতে চাইলে পুলিশ আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের কমপক্ষে ৮-১০জন সদস্য আহত হয়। পরে সাধারণ ছাত্ররা ক্ষিপ্ত হয়ে ওই ঘটনা ঘটায়।’কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা শুধু কলেজের পরিস্থিতি শান্ত রাখতে চেষ্টা করেছি। কিন্তু ছাত্ররা উল্টো পুলিশের ওপর হামলা চালিয়েছে।’