ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর এক ছাত্রকে স্কুলের শিক্ষক শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ছাত্রটি এখন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের তত্ত্বাবধানে রয়েছে। গতকাল সোমবার ছাত্রটির বাবা অধ্যক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত শিক্ষক মো. রিয়াজুল করিম বলেন, ‘ছাত্রটি প্রায়ই স্কুলে টুপি আনতে ভুলে যায়। ক্লাস চলার সময় কথা বলে এবং বাড়ির কাজ করে না। আমি সত্য উদ্ঘাটন করে ফেলেছি। স্কুল থেকে বের করে দেওয়া হবে ভেবে সে ভয়ে অসুস্থ হয়ে যেতে পারে।’ওই দিন রিয়াজুল করিম ক্লাসের পুরো সময় ছাত্রটিকে গালিগালাজ করেন বলে অভিযোগ আছে। একটিও অঙ্ক ছাত্রদের কষিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘হয়তো একটি অঙ্ক করিয়ে থাকতে পারি।’ ছাত্রটির বাবা-মায়ের অভিযোগ, মো. রিয়াজুল করিমের কাছে প্রাইভেট পড়তে না পাঠানোয় তিনি প্রায়ই ক্লাসে ওই ছাত্রকে বকাবকি করতেন। এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহানারা বেগম প্রথম আলোকে বলেন, অভিযোগ পাওয়ার পর ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনাটি খতিয়ে দেখার জন্য তিনজন সহকারী প্রধান শিক্ষককে দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ২৪ ঘণ্টার (আজকের) মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। নির্যাতনের শিকার ওই ছাত্রের বাবা গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, গত শনিবার তাঁর ছেলে টুপি নিয়ে যেতে ভুলে যায়। দ্বিতীয় পিরিয়ডে অঙ্কের শিক্ষক রিয়াজুল করিম অভিযোগ লেখার জন্য ডায়েরি চান। পুরোনো হয়ে যাওয়ায় ডায়েরিটির মার্চ মাসের কয়েকটি পৃষ্ঠা ছিঁড়ে গিয়েছিল। শিক্ষক বারবার বলতে থাকেন, ছাত্রটি ইচ্ছে করে পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলেছে। কারণ ওই সব পৃষ্ঠায় তার বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। একপর্যায়ে শিক্ষক তাঁর ছেলের চুল ধরে টেনে নিয়ে আসেন এবং ঠোঁট টেনে ধরেন। তার গালে ও মাথায় চড় মারতে থাকেন। শিক্ষক এমনকি এও বলেন, ‘তুই ডায়েরির পাতা ছিঁড়িসনি তো কি তোর বাবা ছিঁড়েছে? তোর মা ছিঁড়েছে?’ তাঁর সন্তানকে শিক্ষক বলতে বাধ্য করান যে, ডায়েরির পাতা সে-ই ছিঁড়েছে। এমনকি এ বিষয়ে তার কাছ থেকে জোর করে লিখিত বক্তব্যও আদায় করেন। ওই দিন ক্লাস শেষে ছাত্রটি যখন বাড়ি ফিরছিল, তখনই তার মা ছেলের মধ্যে অস্বাভাবিকতা দেখতে পান। ছাত্রটির মা একটি বিদ্যালয়ের শিক্ষক। তিনি বলেন, ‘আমি মুখ দেখেই বুঝতে পেরেছিলাম, ওর একটা কিছু হয়েছে। বাড়ি আসার পথে ও বারবার শুধু বলছিল, “আমাকে প্রতারক বানিয়ে ছাড়ল, আমাকে মিথ্যা বলতে বাধ্য করাল।” বাড়িতে এসে ও বাকরুদ্ধ হয়ে যায়। ও আমাকে বা ওর বাবা—কাউকে চিনতে পারছিল না। চিকিৎসকের পরামর্শে আমরা তাকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাই।’ ছাত্রটির মানসিক অবস্থা এখন কেমন জানতে চাইলে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মোহিত কামাল বলেন, ছেলেটিকে তাঁরা বিপর্যস্ত অবস্থায় পেয়েছেন। সেরে উঠতে কিছুটা সময় লাগবে। শিশুটির সুস্থতা নির্ভর করছে শিক্ষকদের ওপর। শিক্ষকদের উচিত হবে, ছাত্রটিকে মমতা দিয়ে স্কুলে ফিরিয়ে নিয়ে যাওয়া।