ছাত্রছাত্রীদের তিন বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের সবচেয়ে বড় কলেজ সরকারি আযিযুল হক কলেজ। প্রায় ৩২ হাজার শিক্ষার্থী এখানে লেখাপড়া করে। কলেজের শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা মেসগুলো ঘিরে আবার গড়ে উঠেছে তিনটি বাজার। মূলত এই তিনটি বাজার থেকেই ছাত্রছাত্রীরা তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে। এগুলো হলো সরকারি আযিযুল কলেজের নতুন ভবনের পাশে বগুড়ার সাতমাথা থেকে স্টেশন সড়কে সেউজগাড়িতে একটি বাজার। বগুড়ার সন্ত্রাসী কাইল্যা বেঁচে থাকতে এই বাজার বসিয়েছিল বলে এর নাম হয় কাইল্যার বাজার।সরেজমিন ঘুরে দেখা গেছে, আযিযুল হক কলেজকে কেন্দ্র করে শহরের জহুরুল নগর, পালশা, নুরানী, পুরান বগুড়া, সেউজগাড়িসহ বেশ কয়েকটি এলাকায় শতাধিক মেস গড়ে উঠেছে। এসব মেসের ছাত্রছাত্রীদের কাছে প্রিয় বাজার গোদারপাড়া। শহরতলির সান্তাহার সড়কে অবস্থিত এই বাজার। সকাল ১০টার মধ্যে এখানকার কেনাবেচা প্রায় শেষ হয়ে যায়। ছাত্রছাত্রীরাই মূলত এই বাজারের ক্রেতা। কলেজ বন্ধ থাকলে এই বাজারের বিক্রেতাদের মাথায় হাত পড়ে যায়। মাছবিক্রেতা বাদশা মিয়া বলেন, আগে এই বাজারে বর্ষার সময় বেশি মাছ বিক্রি হতো। তার ক্রেতা ছিল শহরের মানুষ। কিন্তু দিনে দিনে এই বাজারের অধিকাংশ ক্রেতা হয়ে উঠেছে ছাত্রছাত্রীরা। তারা সাধারণত যেসব মাছ বা সবজি পছন্দ করে তা-ই এখানে বিক্রি হয়। বাজারের তরকারিবিক্রেতা শাহীন মিয়া বলেন, কলেজের ছাত্রছাত্রীরা আছে বলেই এই বাজার টিকে আছে। কলেজ বন্ধ থাকলে বেচাবিক্রি কমে যায়। বগুড়া সরকারি আযিযুল হক কলেজ দুটি ভবনে অবস্থিত। একটি সেউজগাড়ি এলাকায় আর একটি ভবন শহরের ফুলবাড়িতে। এখানে শুধু উচ্চমাধ্যমিকের ক্লাস হয়। এই কলেজের আশপাশে রয়েছে আটাপাড়া, বৃন্দাবনপাড়া, শিববাটি, ফুলবাড়ি এলাকা। এখানেও গড়ে উঠেছে অসংখ্য মেস। এসব মেসের ছাত্রছাত্রীরা বাজার করে থাকে ফুলবাড়ি বাজারে। অনেকে এটাকে কলেজ বাজার বলে থাকে। বাজারের কাঁচা তরকারি বিক্রেতা করিম শেখ বলেন, ছাত্ররা আছে বলে এখানে বেচাকেনা ভালো। অন্যরাও বাজার করলেও ছাত্ররাই বেশি।